প্রার্থী হচ্ছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি৷
রফিউর রাব্বি গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে যে অপশক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে আসছি, আসন্ন উপনির্বাচনকে সেই আন্দোলনের অংশ হিসেবে মনে করি৷ সংসদে যাওয়া মুখ্য বিষয় নয়; নারায়ণগঞ্জের মানুষের মধ্যে যে আতঙ্ক-ক্ষোভ বিরাজ করছে, এ থেকে পরিত্রাণের জন্য যে আন্দোলনের প্রয়োজন, পরিবর্তনের প্রয়োজন, নির্বাচনটাকে আমি তা-ই মনে করি৷ এ জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি৷’
জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসন শূন্য হয়৷ ২৬ জুন এখানে উপনির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন৷
রফিউর রাব্বি তাঁর ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের জন্য প্রয়াত এই সাংসদের ছেলে আজমেরী ওসমানকে দায়ী করে আসছেন এবং ছেলে হত্যার বিচার দাবিতে আন্দোলন করছেন৷ তিন বছর আগে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করেন রাব্বী৷