প্রার্থী হতে কর পরিশোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাধিক নোটিশ দেওয়ার পরও লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ পৌরসভায় কিছু লোক দীর্ঘদিনেও পৌর কর ও বিভিন্ন বিল পরিশোধ করেননি। কিন্তু পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক অনেকে নিজ উদ্যোগে বকেয়াসহ কর পরিশোধ করছেন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্রের সঙ্গে পৌর কর পরিশোধের সার্টিফিকেট, লাইটিং ও পানির বিল পরিশোধের সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। এসব কর ও বিল হালনাগাদ পরিশোধ না থাকলে মনোনয়নপত্র বাতিল হবে।রায়পুর পৌরসভার কর আদায়কারী মো. এজাজ হোসেন জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে ইচ্ছুক অনেকে নিজ উদ্যোগে বকেয়াসহ হালনাগাদ কর ও বিল পরিশোধ করছেন। গতকাল বুধবার পর্যন্ত প্রায় ১২০ জন প্রায় ছয় লাখ টাকার কর ও বিল পরিশোধ করেছেন। গত রোববার সর্বোচ্চ ৯১ হাজার ৬৬৬ টাকার কর পরিশোধ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন। ইসমাইল খোকন প্রথম আলোকে বলেন, ‘আসন্ন নির্বাচনে আমি মেয়র পদে প্রার্থী হওয়ার চিন্তাভাবনা করছি। এসব কর আগেই পরিশোধ করা উচিত ছিল। কিন্তু এত দিন দিই-দিচ্ছি করে দেওয়া হয়নি।’রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এনামুল হক গত মঙ্গলবার ১১ হাজার ৫৯৮ টাকার বকেয়া কর পরিশোধ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, ‘এসব বকেয়া পৌর কর আমার বাড়ির। সেখানে আমি দীর্ঘদিন থেকে বসবাস করি না। যেহেতু আমার নামে কর বকেয়া, সেহেতু আমি তা পরিশোধ করে দিই।’ ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করতে ইচ্ছুক বাহার উদ্দিন গত সোমবার ১৮ হাজার টাকা পৌর কর পরিশোধ করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কর পরিশোধ না থাকলে মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। তাই এগুলো পরিশোধ করে দিয়েছি।’ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আহাম্মেদ গতকাল এক হাজার ৬৬০ টাকার বকেয়া কর পরিশোধ করেছেন। তিনি বলেন, ‘করের টাকাগুলো আগেই দেওয়া উচিত ছিল। কিন্তু পারিপার্শ্বিক কারণে তা দেওয়া হয়নি।’রামগঞ্জ পৌরসভার কর আদায়কারী আবু ইউসুফ জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত চার লাখ ১৫৩ টাকার বকেয়া কর আদায় হয়েছে। সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিজ উদ্যোগেই বকেয়া এ টাকা পরিশোধ করছেন। রামগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাত্তার ১০ হাজার টাকা বকেয়া কর পরিশোধ করেছেন। তিনি বলেন, ‘নির্বাচন করার উদ্দেশ্যেই বকেয়া সব কর পরিশোধ করেছি।’ ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম বকেয়া কর পরিশোধ করেছেন আট হাজার টাকা। তিনি বলেন, ‘কর পরিশোধ না করলে মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। ঝক্কি-ঝামেলা এড়াতে বকেয়া সব কর পরিশোধ করে দিয়েছি।’রামগঞ্জ পৌর শহরের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সচেতন নাগরিকেরা এত দিন অসচেতনদের মতো কাজ করেছেন। তাঁরা এখন নিজ স্বার্থে কর পরিশোধ করছেন। রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী ও রামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হানিফ পাটওয়ারী জানান, বকেয়া কর আদায় না হওয়ায় অনেক সময় কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া যায়নি। তা ছাড়া উন্নয়নমূলক কার্যক্রমও ব্যাহত হয়েছে।