প্রার্থী হতে চান বিএনপি নেতা কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) আসনে প্রার্থী হতে চান সাবেক সাংসদ ও জেলা বিএনপির নেতা সালাহ্ উদ্দিন কামরান।
গতকাল সোমবার নোয়াখালী জেলা আইনজীবী সমিতির ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
সালাহ্ উদ্দিন বলেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন যদি নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় এবং সে নির্বাচনে বিএনপি অংশ নিলে তিনি দলের কাছে মনোনয়ন চাইবেন। এ লক্ষ্যে তিনি ইতিমধ্যে এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা ছাড়াও গণসংযোগ শুরু করেছেন।
তিনি বলেন, বিগত ’৯১ ও ’৯৬ সালে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তিনি সাংসদ থাকাকালীনই চাটখিলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। তাই আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে জয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী বলে উল্লেখ করেন।
চাটখিল উপজেলা এবং সোনাইমুড়ী উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত নোয়াখালী-১ আসনের বর্তমান সাংসদ মাহবুব উদ্দিন খোকন। তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। দলীয় কর্মকাণ্ড তদারকি ছাড়াও আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সাংসদ মাহবুব উদ্দিন খোকন এলাকায় নিয়মিত রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ অবস্থায় সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী হিসেবে সালাহ্ উদ্দিন নিজের নাম ঘোষণা করায় বিষয়টি দলীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।