কুমিল্লার সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মেয়র প্রার্থী মো. মামুনুর রশিদের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জেলা রিটার্নিং কর্মকর্তার প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। এ আদেশের ফলে মামুনুরের কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সীমন্তী আহমেদ।
৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২ মার্চ মনোনয়নপত্র জমা দেন মো. মামুনুর রশিদ। ৫ মার্চ তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এর বিরুদ্ধে তিনি আপিল করেন। আপিল করলে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে ৮ মার্চ তা খারিজ হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে গতকাল রিটটি করেন।
রিটের পক্ষে শুনানিতে আইনজীবী সীমন্তী আহমেদের সঙ্গে ছিলেন আইনজীবী আবদুল হামিদ ভাষানী।