প্রার্থী হতে যুবলীগ থেকে পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের সহসভাপতি জাকারিয়া হাবিব পদত্যাগ করেছেন। তিনি ১১ নভেম্বর জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের কাছে ওই পত্র পাঠান। পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তবে জাকারিয়া হাবিব বলেছেন, ‘শারীরিক কারণে তিনি পদত্যাগ করেছেন। জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছি।’ গতকাল জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান মুঠোফোনে বলেন, জাকারিয়া হাবিবের পদত্যাগপত্র এখনো তাঁর কাছে পৌঁছায়নি।
যুবলীগের দলীয় ও জাকারিয়া হাবিবের ঘনিষ্ঠ অন্তত ৭-৮ জন বলেন, হাবিব দুই-তিন মাস ধরে কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে প্রচার চালিয়ে আসছেন। দলীয় মনোনয়নে প্রার্থিতার ব্যাপারে আইন পাস হওয়ার পর তিনি দলের প্রার্থী হওয়া নিয়ে শঙ্কায় পড়েন। পৌরসভায় আওয়ামী লীগ থেকে একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছেন। নীতিনির্ধারকেরা কাকে মনোনয়ন দেবেন তার নিশ্চয়তা নেই। তাই জাকারিয়া হাবিব পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হতে চান।