প্রার্থী হয়ে নিরাপত্তা ঝুঁকিতে কৃপা রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হয়ে নিরাপত্তার ঝুঁকিতে পড়েছেন স্থানীয় আদিবাসী কৃপা রাণী চাকমা ও তাঁর স্বামী শান্তি চাকমা। এই দম্পতির অভিযোগ, মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করতে প্রথমে একটি দল এবং পরে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধা দিতে আরেকটি দল তাঁদের ধরে নিয়ে যায়। বর্তমানে মুক্ত হলেও প্রাণভয়ে তাঁদের ভিটেবাড়ি ছেড়ে আত্মগোপন করে থাকতে হচ্ছে। কৃপা রাণী চাকমা গত শনিবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি গত মেয়াদের আগের মেয়াদে সাজেক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। এবারও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন। এর পরই ৭ জুন একদল লোক তাঁর স্বামী শান্তি চাকমাকে ধরে নিয়ে যায়। তারা নিজেদের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য পরিচয় দেয়। স্ত্রীর মনোনয়নপত্র প্রত্যাহার করানোর জন্য তারা শান্তি চাকমাকে চাপ দেয় এবং ৮ জুন বুধবার তাঁকে ছেড়ে দেয়। ওই দিনই (বুধবার) একই দল কৃপা রাণীকে অপহরণ করে। তিনি মনোনয়নপত্র প্রত্যহারে অঙ্গীকার করার পর তাঁকে ১০ জুন মুক্তি দেওয়া হয়। ওই দিন (শুক্রবার) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। কৃপা রাণী বলেন, সকালে মুক্তি পেয়ে তিনি স্বামীকে নিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাচ্ছিলেন। পথে অন্য একটি দল তাঁদের অজ্ঞাত স্থানে ধরে নিয়ে আটকে রাখে। এ কারণে তাঁর পক্ষে আর মনোনয়নপত্র প্রত্যাহার করা সম্ভব হয়নি। ওই দিন সন্ধ্যায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। কৃপা রাণী বলেন, নির্বাচনে দাঁড়ালেও বিপদ, না দাঁড়ালেও বিপদ। এখন ভয়ে তিনি গ্রামছাড়া হয়ে রয়েছেন। তিনি বলেন, প্রথম যে দলটি অপহরণ করে, তাদের তিনি ইউপিডিএফের সদস্য বলে চিনতে পারলেও দ্বিতীয় দলটির সদস্য কারা, সে বিষয়ে তিনি কিছু বুঝতে পারছেন না। তিনি বলেন, নিরাপত্তার কথা ভেবে তিনি থানায় অভিযোগ করার সাহস পাচ্ছেন না।কৃপা রাণীর স্বামী শান্তি চাকমা মুঠোফোনে বলেন, তাঁদের দুই শিশুপুত্র রয়েছে। নিরাপত্তার কথা ভেবে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারছেন না।ইউপিডিএফের উপজেলা সমন্বয়কারী সমশান্তি চাকমা বলেন, তাঁর দলের কেউ এ ধরনের ঘটনায় জড়িত আছে বলে তিনি জানেন না।ইউএনও বশিরুল হক ভূঁঁইয়া বলেন, কৃপা রাণী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ কারণে ২৬ জুন অনুষ্ঠেয় নির্বাচনে তিনি একজন প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। মনোনয়নপত্র প্রত্যাহারে কৃপা রাণীর ওপর চাপ দেওয়া হচ্ছে বলে তিনি কিছু শোনেননি।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন বলেন, কৃপা রাণী এ বিষয়ে থানায় অভিযোগ করলে তিনি আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।