প্রার্থী 'যোগাযোগে অনাগ্রহী' দূরে আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে দলের স্থানীয় নেতারা একদিন মঞ্চে উঠেছিলেন। কিন্তু মাঠে দলীয় প্রার্থীর সঙ্গে তাঁরা নেই বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী রবিউল ইসলাম।
দলীয় নেতারা বলছেন, নৌকার স্বার্থে তাঁরা মঞ্চে উঠেছিলেন। কিন্তু প্রার্থী তাঁদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছেন না। তাঁরা যোগাযোগ করলেও প্রার্থী উৎসাহ দেখাচ্ছেন না। তাঁরা বিষয়টি জেলার নেতাদের জানিয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন থানা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হিরা বাচ্চু। তাঁর প্রতীক নারকেলগাছ। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অভিযোগ, পুঠিয়া-দুর্গাপুরের সাংসদ নিজের পছন্দের প্রার্থী হিসেবে রবিউল ইসলামকে মনোনয়ন দিয়েছেন। এই প্রার্থী বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি। একটি পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে তাঁর জন্য ভোট চাওয়া অস্বস্তিকর। তাঁরা ২ ডিসেম্বর থেকে উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে তালা দিয়ে রেখেছেন। নেতারা বিদ্রোহী প্রার্থী জি এম হিরা বাচ্চুর পক্ষে মাঠে নেমে গেছেন।
দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য ২৩ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান উদ্যোগ নিয়ে পুঠিয়ায় একটি নির্বাচনী সভা করেন। সেখানে পুঠিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দেন। দলীয় প্রার্থীর অভিযোগ, পরের দিন থেকেই তাঁরা আর নৌকার পক্ষে কাজ করছেন না। তাঁরা বলছেন, তাঁদের প্রতীক নারকেলগাছ। তাঁরা নৌকার সমর্থকদের হুমকিও দিচ্ছেন।
এদিকে দলীয় প্রার্থী রবিউল ইসলাম ব্যক্তিগত ব্যবসায়িক কার্যালয় থেকেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। মৌখিকভাবে তিনি দাবি করেছেন, তাঁর চারটি নির্বাচনী কার্যালয় রয়েছে। এগুলো হচ্ছে, পৌর এলাকার পালোপাড়া, ঝলমলিয়া, পীরগাছা ও পুঠিয়া বাজার কার্যালয়।
গতকাল সরেজমিনে দেখা গেছে, পুঠিয়া উপজেলা সদরে রবিউলের ব্যক্তিগত কার্যালয়টির সামনে একটি শামিয়ানা টানিয়ে নির্বাচনী কার্যালয় করা হয়েছে। তাঁর নিচে প্রায় ১০টি প্লাস্টিকের চেয়ার রয়েছে। এ ছাড়া পুঠিয়া বাজারে ছোট্ট একটি নির্বাচনী কার্যালয় করা হয়েছে। গতকাল দুপুরে গিয়ে সেখানে কথা বলার জন্য কাউকে পাওয়া যায়নি।
পৌরসভার পালোপাড়া এলাকায় পুঠিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেকের বাড়ি। যোগাযোগ করা হলে তিনি বলেন, এ এলাকায় কার্যালয় করা তো দূরের কথা, এ কেন্দ্র থেকে দলীয় প্রার্থী রবিউল ইসলাম ৫০টি ভোটও গুনে নিয়ে যেতে পারবেন না। মঞ্চে ওঠার পর তাঁরা দলীয় প্রার্থীর সঙ্গে নেই কেন—জানতে চাইলে তিনি বলেন, নৌকা প্রতীকের জন্যই শুধু তাঁরা মঞ্চে উঠেছিলেন। কিন্তু প্রার্থী তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করছেন না। এমনকি তাঁরা নিজের থেকে যোগাযোগ করলে প্রার্থী কোনো উৎসাহ দেখাচ্ছেন না। বিষয়টি তাঁরা জেলার নেতাদের জানিয়েছেন। তিনি বলেন, এমনিতেই অযোগ্য প্রার্থী। উপরন্তু তাঁর এই আচরণের কারণে পৌরসভার নয়টি ওয়ার্ডের একটির সাধারণ সম্পাদক (নিজের চাচা) ছাড়া কেউ প্রার্থীর সঙ্গে নেই। এ জন্য প্রার্থী ওয়ার্ড পর্যায়ে নির্বাচনী কমিটিও গঠন করতে পারেননি। তাঁর কেন্দ্রীয় নির্বাচনী কমিটিও কার্যকর নয়।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, প্রার্থী যোগাযোগ না করলেই তো আর দলের প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। পুঠিয়ায় যাঁরা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করছেন, তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার মধ্যে তাঁরা চিঠি হাতে পেয়ে যাবেন।