প্রার্থীও প্রিসাইডিং কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীকেও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর শওকত হোসেন বলছেন, ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ দলীয় নেতাদের নির্বাচনী দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে।
পেকুয়ার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তালিকায় দেখা যায়, নির্বাচনে ৪২ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ২১৫ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। মো. নুরুজ্জামান নামের একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীকেও প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসার প্রভাষক ও পেকুয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির। চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পেকুয়া বিএমআই কলেজের প্রভাষক মো. ফখরুদ্দিন ফরায়েজীকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি ও বটতলীয়া শফিকিয়া মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীন, শিলখালী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টৈটং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুফ, স্বাস্থ্য সহকারী ও শিলখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল কবির, রাজাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বকশিয়াঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমিজ, পেকুয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও ফাঁসিয়াখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. ইমতিয়াজ উদ্দিনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের অভিযোগ, এসব শিক্ষক ছাড়াও বিএনপি-জামায়াতের নেতাদের আত্মীয় ও সমর্থক ২০ জনকে প্রিসাইডিং ও ৪৯ জনকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান ওয়ারেচি বলেন, ‘ইউএনওর যোগসাজশে বিএনপি-জামায়াতের পদবিধারী চিহ্নিত লোকজনকে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আমি তাঁদের প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’