প্রার্থীকে কটাক্ষ করায় বৃদ্ধকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীকে কটাক্ষ করায় মোহাম্মদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাতে সোনাগাজী উপজেলার পূর্ব লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত আটটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত সোনাগাজী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জেড এম কামরুল আনাম নির্বাচনী গণসংযোগে যান বক্তারমুন্সির মিয়ার বাজারে। এ সময় গ্রামের মোহাম্মদ হোসেনের সঙ্গে তাঁর দেখা হয়। তিনি চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ হয়ে জানতে চান, ‘পাঁচ বছর আগে একবার এসে ভোট নিয়ে চলে গেছেন। তারপর আর একবারও এলাকায় আসেননি। এখন আবার কেন ভোট চাইতে এসেছেন?’
প্রার্থীকে এভাবে প্রশ্ন করে বিব্রত করার পরক্ষণেই ওই বৃদ্ধের সঙ্গে একজন আওয়ামী লীগ কর্মীর বাগিবতণ্ডা হয়। রাত সাড়ে আটটার দিকে তিনি বাড়ি ফেরার পথে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।