রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার জন্য সংশ্লিষ্ট দলে কমপক্ষে তিন বছর সদস্য থাকার বিধান বহাল থাকছে। বিধানটি বাদ দেওয়ার সুপারিশ করে সংসদে যে বিল উত্থাপিত হয়েছিল, তা বাতিল করেছে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব ও বিল সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিলটি বাতিল প্রসঙ্গে কমিটির সভাপতি আবদুল মতির খসরু সাংবাদিকদের বলেন, আরপিও থেকে ওই বিধান বাদ দিলে যেকোনো মানুষ টাকার বিনিময়ে দলের মনোনয়ন নিয়ে নেবেন। এতে দুর্নীতি বেড়ে যাবে। বিলটি পাস হলে নির্বাচনের আগে সুযোগসন্ধানী আমলা, ব্যবসায়ীসহ অন্যরা সুযোগ লাভের চেষ্টা করবেন। সে জন্য কমিটি বিলটি বাতিল করেছে।গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী, সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট দলে কমপক্ষে তিন বছরের সদস্যপদ থাকতে হবে। এই বিধান বাতিলের প্রস্তাব করে গত বছরের ২৭ অক্টোবর জাতীয় পার্টির মুজিবুল হক আরপিও সংশোধনের জন্য সংসদে এই বেসরকারি বিলটি উত্থাপন করেন। পরে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে সরকারদলীয় সাংসদ সাবের হোসেন চৌধুরীর উত্থাপিত ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২’ ও ‘বাংলাদেশ পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকরণ বিল-২০১২’ সম্পর্কে সংসদের আগামী অধিবেশনে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।আবদুল মতিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার ও মো. আবদুল হাই উপস্থিত ছিলেন। এক সদস্য নিয়ে সভাপতির বৈঠক: কমিটির আট সদস্যের ছয়জনই অনুপস্থিত। অনুপস্থিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদও। শেষ পর্যন্ত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ একমাত্র সদস্য ফজিলাতুন নেসাকে নিয়ে বৈঠক চালিয়ে গেছেন। গতকাল সোমবার সংসদ ভবনে এই ঘটনা ঘটে।সংসদ সচিবালয় সূত্র জানায়, গতকালের বৈঠকে আগামী বছরের মধ্যে দেশের সব জেলা ও উপজেলায় উচ্চ গতিসম্পন্ন অনলাইন নেটওয়ার্ক স্থাপনের সুপারিশ করা হয়। এর আগে চলতি সংসদে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক কোরাম সংকটের কারণে মুলতবি হওয়ার বিরল ঘটনা ঘটে। সেই বৈঠকে কমিটির ১০ সদস্যের মধ্যে মাত্র দুজন উপস্থিত ছিলেন।