নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার মানসিকতা তৈরি করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে জয়ী ব্যক্তির উচিত পরাজিতদের ফুল দেওয়া। আর পরাজিত প্রার্থীর উচিত বিজয়ীকে শুভেচ্ছা জানানো। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়ে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, ‘পরাজিত হলে নির্বাচন কমিশনের পদত্যাগ চাওয়ার রীতি থেকে প্রার্থী ও রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে এটা পুরোনো হয়ে গেছে। মানুষ এখন আর কলের গান শুনতে চায় না। এখন এমপি থ্রি-র যুগ। সেভাবে কথা বলুন।’সাখাওয়াত জানান, বারবার সতর্ক করা সত্ত্বেও প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করতে থাকলে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে প্রার্থিতা বাতিল করা হবে।সাখাওয়াত আরও বলেন, ‘নির্বাচন কমিশন চট্টগ্রামে একটি মডেল নির্বাচন উপহার দিতে চায়। এ জন্য প্রার্থী ও নির্বাচনী কর্মকর্তাদের সহায়তা দরকার। কুটচালের মাধ্যমে নির্বাচনে জয়ের একটা চেষ্টা প্রার্থীদের থাকে। এ মানসিকতা থেকে সরে আসতে হবে।’ নির্বাচন কমিশনার সাখাওয়াত বলেন, ভোলা-৩ উপনির্বাচনকে দুই দলই ইস্যু করতে চেয়েছিল। ফলে ওই নির্বাচন নিয়ে কিছু সমস্যা হয়েছে। ভোলা নির্বাচন থেকে কমিশন অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। সাখাওয়াত আরও বলেন, ভোলা নির্বাচনে বিরোধী দলের প্রার্থী খারাপ অনেক কিছু করেছে। আর সরকারি দল যা করেছে, তা না করলেও পারত। বিকেলে নির্বাচন কমিশনার সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন।