প্রার্থীকে প্রত্যাহারের চাপ অভিযোগ কমিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছেন যুবলীগের স্থানীয় নেতা। প্রত্যাহার না করলে মামলা দিয়ে পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও জানমালের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে গতকাল বুধবার জাকির হোসেন নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আবেদনের সঙ্গে তিনি হুমকি-সম্পর্কিত মোবাইল ফোনের কথোপকথন সিডি আকারে জমা দেন।
কমিশন সচিবালয় থেকে জানা যায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী জিন্নাহর ভাই মাহফুজুল হক একই ইউনিয়নে আওয়ামী লীগ-মনোনীত চেয়ারম্যান প্রার্থী। সে জন্য জিন্নাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জাকির হোসেনকে হুমকি দিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে মো. আলী জিন্নাহ প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁকে প্রত্যাহারের অনুরোধ করেছি। নির্বাচনে কী ঘটতে পারে তা বলেছি। কোনো হুমকি দেই নাই।’