প্রার্থীদের অধিকাংশ ব্যবসায়ী: সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অধিকাংশই ব্যবসায়ী। ৫৫ শতাংশের বেশি প্রার্থীর পেশা ব্যবসা। শিক্ষাগত যোগ্যতার বিচারে ৪০ শতাংশের বেশি প্রার্থীর যোগ্যতা এসএসসির নিচে। আর অতীতে মামলার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল বা বর্তমানে আছে এমন প্রার্থীর সংখ্যাও ৩০ শতাংশের বেশি।সুশাসনের জন্য নাগরিক (সুজন) গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এই চার সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সম্পর্কে তথ্য জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সুজনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজী এবাদুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আলোচনা করেন মন্ত্রিপরিষদের সাবেক সচিব আলী ইমাম মজুমদার। মূল বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।আগামী ১৫ জুন এই চার সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, চারটি সিটি করপোরেশনের মধ্যে খুলনায় প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ২৪ শতাংশ স্নাতক। এমন শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থী সবচেয়ে কম সিলেটে, ৯ শতাংশ। মামলায় সংশ্লিষ্টতা ছিল এমন প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি বরিশালে, ৪৩ শতাংশ। সবচেয়ে কম খুলনায়, ৩৪ শতাংশ। এ চার সিটি করপোরেশনে সর্বশেষ যাঁরা মেয়র ছিলেন তাঁদের গত পাঁচ বছরে আয় বেড়েছে ব্যাপকহারে। মেয়র পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনীও তাঁরা। তবে গড়ে ৭০ শতাংশের বেশি প্রার্থীর আয় পাঁচ লাখ টাকার নিচে।সুজনের তথ্য অনুসারে, মেয়র পদপ্রার্থীদের মধ্যে বেশির ভাগই করদাতা। সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে এবার গড়ে ৫৫ শতাংশের বেশি পেশায় গৃহিণী।বদিউল আলম মজুমদার মূল বক্তব্যে এবার প্রার্থী কম হওয়া প্রসঙ্গে বলেন, এবারের সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে দলীয় নির্বাচন। এর ফলে প্রার্থী কম হয়েছে। প্রার্থী কম হওয়ায় ভোটাররা তুলনামূলকভাবে ভালো প্রার্থী নির্বাচনের সুযোগ হারাচ্ছেন। ভোটাররা এতে প্রতারিত হচ্ছেন।আলী ইমাম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের কাছে এবারের সিটি করপোরেশন নির্বাচন ‘অ্যাসিড টেস্ট’। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কার্যকর ভূমিকার একটা ধারণা এই নির্বাচনের মাধ্যমে বুঝতে পারবে নির্বাচন কমিশন। সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।