গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৫০ শতাংশ মাধ্যমিক পাস করেননি এবং ৭০ শতাংশের বেশি পেশায় ব্যবসায়ী। নির্বাচনকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ২০ জুন গাজীপুর ধান গবেষণা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য প্রকাশ করে।
এ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট ৫৮৪ জন প্রার্থীর মধ্যে ২৯৬ জনের (৫০.৬৮%) শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা ১০৮। অর্থাৎ মোট প্রার্থীর ১৮ দশমিক ৪৯ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী।
সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার ‘চার সিটি করপোরেশন নির্বাচনে কারা বিজয়ী হলেন’ এবং ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
সংবাদ সমেঞ্চলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী জাফরুল্লাহ চৌধুরী, গবেষক ও লেখক সৈয়দ আবুল মকসুদ, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান এবং সুজনের সহসম্পাদক জাকির হোসেন।
বদিউল আলম বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাখিল করা তথ্যের বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। আগামী ৬ জুলাই অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে তাঁদের ভোটাধিকার প্রয়োগে সচেতন করে তোলাই এ সংবাদ সম্মেলনের মূল লক্ষ্য।
সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের আয়ের হিসাবসংক্রান্ত তথ্য উত্থাপন করে বদিউল আলম বলেন, যাঁরা জনগণের জন্য কাজ করতে চান, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে চান, তাঁদের আয়-ব্যয়ের হিসাব অবশ্যই পাবলিক ডকুমেন্ট হওয়া উচিত। এতে জনগণের কাছে তাঁদের জবাবদিহি নিশ্চিত হবে।