প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সভা হয়েছে। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার তমিজ উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামসহ মেয়র প্রার্থীদের প্রতিনিধি ও কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সতর্ক করে বিভাগীয় কমিশনার বলেন, নগরের ৩০টি ওয়ার্ডে ১৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা প্রার্থীদের আচরণবিধির ওপর নজর রাখছেন। কোনো প্রার্থী আচরণবিধি অমান্য করলে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রয়োজনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হতে পারে।  সভায় বিভাগীয় কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন নিজস্ব আইনে এখন অনেক শক্তিশালী। ইচ্ছা করলেই বিভাগীয় কমিশনার বা পুলিশ কমিশনার কাউকে নির্বাচনে জয়ী করিয়ে দিতে পারবেন না। তবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রার্থীদের সহযোগিতা দরকার। চট্টগ্রাম, কুমিল্লা ও নারায়ণগঞ্জের সিটি নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনগুলোতে সরকারি দল-সমর্থিত কোনো প্রার্থী জয়ী হয়নি। এতে প্রমাণিত হয়, বর্তমান সরকার কতটা নিরপেক্ষ।