আচরণবিধি মেনে প্রচারণা চালানোর পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের নিয়ে সভা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার বিকেলে ইউপির সম্মেলন কক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা নুরুল আবসার। সভায় গুজবে কান না দিতে প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের পক্ষে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় ভোটার ও প্রার্থীদের।
সভায় হ্নীলা ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলম ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ দেওয়ার দাবি জানান।
হোয়াইক্যং ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী অভিযোগ করেন, তাঁর কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
সভায় রিটার্নিং কর্মকর্তা নুরুল আবসার বলেন, সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রার্থীদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম কুতুবী, হ্নীলা ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী এইচ কে আনোয়ার ও হোয়াইক্যং ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল আলম উপস্থিত ছিলেন।