প্রার্থীদের ইশতেহার চান অধিকাংশ ভোটার
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণার দাবি উঠেছে। মেয়র নির্বাচিত হলে তাঁরা কী কী উন্নয়নকাজ এবং সমস্যার সমাধান করবেন—এ রকম ইশতেহার চায় পৌর এলাকার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে পারেন কি না, তা জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামাণিক প্রথম আলোকে জানান, নির্বাচনী আচরণবিধির বাইরে কিছুই করা যাবে না। এ ব্যাপারে আচরণবিধিতে স্পষ্ট কিছু লেখা নেই।নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরই আক্কেলপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন। মেয়র পদে বর্তমান মেয়র মো. কামরুজ্জামান কমল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হুদা ও পৌর বিএনপির সভাপতি (একাংশ) আলমগীর চৌধুরী সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন। পিছিয়ে নেই ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরাও। তবে অধিকাংশ ভোটার প্রার্থীদের মুখের কথা বিশ্বাস করতে চান না, তাঁরা প্রার্থীদের কাছে ইশতেহার চান।পৌরসভার রাজকান্দা মহল্লার বাসিন্দা ও আক্কেলপুর ফজরউদ্দিন (এফ ইউ) পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুস ছালাম মণ্ডল বলেন, মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনার কথা বলছেন। কিন্তু নির্বাচিত হলে তাঁরা এসব কথা মনে রাখেন না। তাই নির্বাচনের আগেই কোন প্রার্থী এলাকার কী উন্নয়ন এবং সমস্যার সমাধান করবেন, এর ইশতেহার ঘোষণা করতে হবে। স্টেশন সড়কের ব্যবসায়ী রাজু মণ্ডল বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছর তাঁরা কী কাজ করবেন, তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। কলেজছাত্র মিনহাজুল ইসলাম বলেন, প্রার্থীদের অবশ্যই ইশতেহার দিতে হবে। সোনামুখী মহল্লার রিকশাচালক মুনছুর আলী বলেন, ‘হামি কতায় বিশ্বাসী লয়। কোন প্রার্থী ক্যাক্কা কাজ করবেন, তা লিখে দেওয়া লাগবে।’সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয় এমন কাজ করা যাবে না। আচরণবিধিতে ইশতেহার ঘোষণা করার কথা থাকলে আমি অবশ্যই তা করব।’ সৈয়দ নাজমুল হুদা বলেন, আচরণবিধিতে থাকলে ইশতেহার ঘোষণা করা হবে। একই কথা বলেন আলমগীর চৌধুরী।