প্রার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের কাছ থেকে চারজন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপেজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুুযায়ী জামানত হিসেবে চেয়ারম্যানদের ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে পাঁচ হাজার এবং সদস্য পদপ্রার্থীদের এক হাজার করে টাকা জমা দেওয়ার কথা। সে অনুযায়ী প্রার্থীরা ব্যাংকে টাকা জমাও দেন। প্রার্থীরা অভিযোগ করেছেন, ফরম জমা নেওয়ার সময় রিটার্নিং কর্মকর্তারা চেয়ারম্যান পদপ্রার্থীর কাছ থেকে তিন হাজার এবং সদস্য পদপ্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত এক হাজার টাকা করে আদায় করেন। এভাবে উপজেলার সাতটি ইউনিয়নের ৫২ জন চেয়ারম্যান, ১০০ জন সংরক্ষিত নারী সদস্য এবং ২৯৮ জন সাধারণ সদস্য পদপ্রার্থীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউসুফ আলী তাহিরপুর সদর ও বালিজুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বাদাঘাট, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম উত্তর বড়দল, দক্ষিণ বড়দল এবং উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা খন্দকার মইনুল হুদা উত্তর শ্রীপুর ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দায়িত্বে আছেন। গত ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়। এ সময় কর্মকর্তারা টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবদুুছ ছাত্তার জানান, তাঁর কাছে তিন হাজার টাকা দাবি করা হয়েছিল। পরে অনেক বুঝিয়ে তিনি দুই হাজার টাকা দিয়েছেন। দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজল মিয়া ও উত্তর শ্রীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শাহাবুদ্দিন বলেন, ‘চাঁদা হিসেবে আমাদের কাছ থেকে এক হাজার করে টাকা নেওয়া হয়েছে। অন্যরা দেওয়ায় আমরাও দিয়েছি।’রিটার্নিং কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, ‘ফরম জমা দেওয়ার পর প্রার্থীরা স্বেচ্ছায় টাকা দিয়েছেন। শেষ দিকে আমরা কেউই আর টাকা নেইনি।’ খন্দকার মঈনুল হুদা বলেন, ‘উপজেলা পরিষদের মসজিদ উন্নয়নের জন্য এ টাকা নেওয়া হয়েছে।’ মাহবুব আলম এ বিষয়ে কথা বলতে রাজি হননি, আর ইউসুফ আলী টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবি শাহনুর খান বলেন, ‘আমি এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জেলা কর্যালয়ে পাঠাব।’ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।’