বগুড়া পৌরসভায় মেয়রসহ কাউন্সিলর পদে বেশ কয়েকজন প্রার্থীর চেয়ে স্ত্রীর সম্পদ বেশি। এর মধ্যে কোনো কোনো প্রার্থীর নিজের না থাকলেও স্ত্রীর নামে গাড়ি-বাড়িও রয়েছে। হাতে আছে বড় অঙ্কের টাকা, অনেক স্বর্ণালংকার। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে বগুড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালের স্ত্রী। হেলালের হাতে আছে ১৪ লাখ ১৬ হাজার টাকা। তবে তাঁর স্ত্রীর হাতে আছে ১৯ লাখ ৩৫ হাজার টাকা। হেলালের একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল আছে। তাঁর স্ত্রীর আছে তিনটি বাস ও ১২ ভরি স্বর্ণালংকার। স্থাবর সম্পদের মধ্যে হেলালের কৃষি-অকৃষি জমি আছে ২৩ শতক। রয়েছে ছয়তলাবিশিষ্ট বহুতল ভবনও। তাঁর স্ত্রীর আছে ১১ শতক জায়গা ও পাঁচতলা ভবন।
১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ সার্জিল আহমেদ ওরফে টিপুর হাতে ও ব্যাংকে আছে ৬ লাখ ৮০ হাজার টাকা। তবে তাঁর স্ত্রীর ব্যাংকে বন্ড ও শেয়ার আছে ১৫ লাখ টাকার। সার্জিলের শুধু একটি মোটরসাইকেল আছে। তাঁর স্ত্রীর আছে প্রাইভেট কার ও ৬০ ভরি স্বর্ণালংকার। সার্জিলের কোনো কৃষিজমি না থাকলেও তাঁর স্ত্রীর আছে ১৬ শতক জমি ও পাঁচতলা ভবন।
৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী কবিরাজ তরুণ কুমার চক্রবর্তীর হাতে ও ব্যাংকে অর্থ আছে ১ লাখ ৪০ হাজার টাকা। তাঁর স্ত্রীর আছে ২০ ভরি স্বর্ণালংকার, একটি বাড়ি ও একটি দোকান।
৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী সুকুমার ঘোষের ব্যবসার পুঁজি ৩ লাখ ৬০ হাজার টাকা। তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ নেই। তবে তাঁর স্ত্রীর রয়েছে ২০ ভরি স্বর্ণালংকার। এ ওয়ার্ডে বিএনপির প্রার্থী পরিমলচন্দ্র দাসের হাতে এক লাখ ও ব্যাংকে এক হাজার টাকা ও একটি মোটরসাইকেল আছে। তাঁর স্ত্রীর হাতে ৫০ হাজার ও ব্যাংকে ১০ হাজার টাকা, ১২ ভরি স্বর্ণালংকার আছে। পরিমলের কোনো কৃষিজমি না থাকলেও স্ত্রীর আছে দশমিক ১৫ একর জমি।
৭ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারীর হাতে আছে ৪৩ হাজার ৫০০ টাকা। ব্যাংকে কোনো অর্থ নেই। তাঁর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার আছে।
৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী ও জেলা যুবলীগের সহসভাপতি আলহাজ শেখের হাতে আছে ৩ লাখ ৯৫ হাজার ও ব্যাংকে ১ লাখ টাকা আছে। তাঁর স্ত্রীর হাতে ৫ লাখ ৯৫ হাজার ও ব্যাংকে ৫ লাখ ৯৫ হাজার টাকা আছে।
১০ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহবুবর রহমান ওরফে লুলকার ব্যাংকে জমা, নগদ ও বিনিয়োগ মিলে আছে প্রায় সোয়া পাঁচ লাখ টাকা। তাঁর স্ত্রীর হাতে ৫০ হাজার টাকা, বিনিয়োগে ৮২ হাজার ৫০০ টাকা, প্রতি মাসে দেড় হাজার টাকার ডিপিএস ও ১৫ ভরি স্বর্ণালংকার আছে।
১৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমিনুল ইসলামের স্ত্রীর আছে ১০ ভরি স্বর্ণালংকার, তিন শতক জায়গার ওপর ছয়তলা ভবন ও এক বিঘা আবাদি জমি। আমিনুল ইসলামের আছে ছয় বিঘা জমি ও তিন শতক জায়গার ওপর ছয়তলা ভবন।
বগুড়া পৌরসভার দুই মেয়র পদপ্রার্থীর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম ওরফে মন্টুর হাতে আছে ৫০ হাজার টাকা। তাঁর স্ত্রীর ব্যাংকে দেড় লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার আছে। রেজাউল করিমের আট বিঘা জমি ও তিন শতকের বাড়ি থাকলেও স্ত্রীর কোনো স্থাবর সম্পদ নেই।
আর বিএনপির মেয়র পদপ্রার্থী মাহাবুবর রহমানের নিজের নগদ ও ব্যাংকে জমা আছে ১৬ লাখ ১৬ হাজার টাকা। তাঁর স্ত্রীর হাতে আছে ২৫ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার। এর বাইরে মাহাবুবরের সাড়ে ১২ বিঘা আবাদি জমি, ১২ কাঠা অকৃষি জমি, চারতলা আবাসিক ভবন, প্রায় ১ হাজার ৮৯৫ বর্গফুটের অ্যাপার্টমেন্ট থাকলেও তাঁর স্ত্রীর গাড়ি-বাড়ি কিছুই নেই বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।