প্রার্থীদের জন্য আদর্শ ঢাকা আন্দোলনের ৫৭ দাবি
আদর্শ ঢাকা আন্দোলন বলেছে, নাগরিকদের চাহিদার ভিত্তিতে সিটি করপোরেশনের সব উন্নয়ন, সংস্কার ও মেরামতকাজ করতে হবে। এ জন্য প্রত্যেক পাড়া-মহল্লায় ‘নাগরিক কমিটি’ গঠন করতে হবে। নিয়মিত তাদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করতে হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আদর্শ ঢাকা আন্দোলনের ইশতেহারে এসব দাবি তুলে ধরা হয়। এই সংগঠনের ব্যানারে নির্বাচন করছেন বিএনপি-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ইশতেহার ঘোষণার সময় ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী মির্জা আব্বাস এবং উত্তরে তাবিথ আউয়ালকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।
ইশতেহারে মূলত ‘বাসযোগ্য ঢাকা গড়ে তোলার লক্ষ্যে’ মহানগর ব্যবস্থাপনা, সড়ক পরিবহন ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলাসহ ১৭টি বিষয়ে মোট ৫৭টি দাবি তুলে ধরে ঢাকা আন্দোলন। সংগঠনের সদস্যসচিব শওকত মাহমুদ ইশতেহার পড়ে শোনান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এটি তাঁদের সংগঠনের ইশতেহার। তাঁদের প্রার্থীরা আলাদা করে ইশতেহার ঘোষণা করবেন।
ঢাকা আন্দোলন যে বিষয়গুলো তুলে ধরেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নাগরিকদের অভিযোগ জানানোর জন্য কেন্দ্রীয় ও ওয়ার্ডভিত্তিক অভিযোগ কেন্দ্র স্থাপন করতে হবে। টেলিফোন, মোবাইল, এসএমএস বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ গ্রহণ করতে হবে। অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা সংশ্লিষ্টদের জানাতে হবে। ঢাকা মহানগরের জনসেবা প্রদানকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব সংস্থাকে সিটি করপোরেশন ব্যবস্থাপনার অধীনে ন্যস্ত করতে হবে। নগর পরিকল্পনার দায়িত্ব সিটি করপোরেশনের হাতে ন্যস্ত করতে হবে। ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তায় সিসি টিভি স্থাপন করতে হবে। প্রতি মহল্লায় প্রশিক্ষিত নিরাপত্তাপ্রহরী নিশ্চিত করতে হবে। কর্মজীবী নারীদের জন্য স্বল্প ব্যয়ে আবাসনসুবিধা দিতে হবে। কর্মজীবী নারীদের সন্তানদের জন্য প্রত্যেক ওয়ার্ডে ডে-কেয়ার সেন্টার নির্মাণ ও পরিচালনা করতে হবে।
ঢাকা আন্দোলনের প্রার্থীরা জয়ী হলে দাবিগুলো পূরণ হবে কি না— এমন প্রশ্নের জবাবে সংগঠনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ বলেন, তাঁদের মনোনীত প্রার্থীরা জয়ী হলে ঢাকা আন্দোলনের দাবিগুলো কীভাবে সহজে সমাধান করা যায়, তা নিয়ে আরও আলাপ-আলোচনা করা হবে।
এক প্রশ্নের জবাবে এমাজউদ্দীন বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাজ এখনো সন্তোষজনক নয়। নির্বাচনের তিন থেকে সাত দিন আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
লিখিত ইশতেহারে বলা হয়, ঢাকাকে সবার জন্য বাসযোগ্য, নিরাপদ, পরিচ্ছন্ন মহানগর হিসেবে গড়ে তোলাই ঢাকা আন্দোলনের লক্ষ৵। এ লক্ষ্যে আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা যাতে ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে তৎপর থাকেন, সে বিষয়ে ঢাকা আন্দোলনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ ঢাকা আন্দোলনের স্টিয়ারিং কমিটির সদস্য মাহফুজ উল্লাহ, আ ন হ আকতার হোসেন, আবদুল হাই শিকদার প্রমুখ।