চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের দেওয়া ব্যক্তিগত তথ্যের মধ্যে অসামঞ্জস্য খুঁজে পেয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজন প্রার্থীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ে তদন্ত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত শুক্রবার ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সুজন এ দাবি জানায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে এবার মেয়র পদে আটজন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৪৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীরা হলফনামার মাধ্যমে ব্যক্তিগত সাতটি তথ্য দিয়েছেন। প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজন বলেছে, বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। তাঁর ঋণ আছে ১৬৩ কোটি টাকার। অথচ তিনি চলতি অর্থবছরে মোট কর দিয়েছেন প্রায় ১৩ লাখ টাকা। আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মোট সম্পদের পরিমাণ এক কোটি ২৭ লাখ টাকা। তিনি কর দিয়েছেন মাত্র ১১ হাজার টাকা। তিনি হলফনামায় বলেছেন, তাঁর পরিবারের মাসিক খরচ মাত্র ১২ হাজার টাকা।জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী সোলায়মান আলম শেঠের মোট সম্পদের পরিমাণ প্রায় সাড়ে সাত লাখ টাকা। তাঁর ঋণ আছে ৯৬ কোটি টাকা। অথচ তিনি এই অর্থবছরে কর দিয়েছেন সাড়ে আট হাজার টাকা। এ ছাড়া তিনি পরিবারের জন্য প্রতি মাসে প্রায় সাড়ে ১২ হাজার টাকা খরচ করেন।সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, তথ্য অনুযায়ী মেয়র পদপ্রার্থীদের পাঁচজন, কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১৮৯ জনের পেশা ব্যবসা। সংরক্ষিত নারী আসনের ৫৯ জন প্রার্থীর মধ্যে ৩২ জনই গৃহিণী। তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১৪টি মামলা আছে। প্রার্থীদের মোট ১০২ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধে আছে হত্যা মামলা। সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, ‘প্রার্থীদের দেওয়া তথ্যে আমরা অনেক অসামঞ্জস্য দেখতে পেয়েছি। আমাদের প্রশ্ন, কেন এ ধরনের তথ্য প্রার্থীরা দিয়েছেন?’ তিনি এ বিষয়ে তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও এ এস এম শাহজাহান উপস্থিত ছিলেন।