
ঘরের পিঠে ঘর। মানুষের পিঠে মানুষ। ৯০ একরের বেশি জায়গাজুড়ে থাকা কড়াইল বস্তির জনসংখ্যা লক্ষাধিক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ৬৩ হাজার ভোটারের মধ্যে ২৬ হাজারই বাস করেন এ বস্তিতে। প্রার্থী ও ভোটারদের অনেকেই একমত, কড়াইল বস্তির ভোট যাঁর, এ ওয়ার্ডের কাউন্সিলর পদও তাঁর। এ কারণেই প্রার্থীদের নজর এ বস্তিতে।
এখানে প্রার্থীর সংখ্যা ছয়জন। এঁদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মফিজুর রহমান ও বিএনপি-সমর্থিত হলেন ফারুক হোসেন ভূঁইয়া। দুই দলেরই একজন করে ‘বিদ্রোহী’ প্রার্থী আছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক রাজা ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ মঞ্জুর হোসেন। দুজনেই বেশ শক্তভাবে মাঠে আছেন।এর বাইরে বাকি দুই প্রার্থী হলেন জাতীয় পার্টির চৌধুরী গোলাম আহমেদ ও ইসলামী আন্দোলনের আল মামুন।
কড়াইল বস্তি ছাড়া ওয়ার্ডের অন্য এলাকাগুলো হলো অভিজাত বনানী ও গুলশান। বনানী ও গুলশানের ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ কম। অতীতের নির্বাচনগুলোর ইতিহাস তা-ই বলে।
সিটি নির্বাচনের শেষ মুহূর্তেও গুলশান-১ ও ২ নম্বর এলাকা ঘুরে হাতেগোনা কিছু পোস্টার চোখে পড়ল। বনানীতে কিছু পোস্টার দেখা গেছে। তবে এখানে প্রার্থীদের পদচারণা তুলনামূলক কম। এখানকার রাস্তাঘাটসহ অন্যান্য নাগরিক সুবিধাও তুলনামূলক ভালো।
ফলে কড়াইল বস্তির ভোটের দিকে প্রার্থীদের দৃষ্টি বেশি। এখানকার ভোটাররাই জয়-পরাজয়ের পার্থক্য গড়ে দেবেন বলে প্রার্থী ও ভোটারদের ধারণা। তাই ভোটার পক্ষে টানার চেষ্টায় কোনো কমতি নেই প্রার্থীদের। কেউ বস্তির জায়গা বরাদ্দ নিয়ে দেওয়ার কথা বলছেন। কেউ বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন। পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, মশামুক্ত বস্তি আর রাস্তাঘাটের উন্নয়নের আশ্বাস তো আছেই।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মফিজুর রহমান বলেন, নির্বাচিত হলে তিনি অন্তত ৩০ একর জমি বস্তির বাসিন্দাদের জন্য বরাদ্দ আনার চেষ্টা করবেন। সেখানে বহুতল ভবন নির্মাণ করে আবাসনের ব্যবস্থা করবেন।

বিএনপি-সমর্থিত প্রার্থী ফারুক হোসেন ভূঁইয়া বললেন, লেক পরিষ্কার করে বিনোদনের ব্যবস্থা করবেন।
কী ভাবছেন ভোটাররা: কড়াইল বস্তির ভেতর বউবাজারেরই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খুঁজে পাওয়া মুশকিল। বাজারের বিভিন্ন স্থানে পোস্টার। মাইকে বিভিন্ন প্রার্থীর প্রচারকাজ চলছে। নারীদের ছোট ছোট দল বস্তির ঘরে ঘরে যাচ্ছে। তাঁরা নারী ভোটারদের বুঝিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট চাইছেন।
বউবাজারের একটি দোকানে টেলিভিশন দেখছিলেন কয়েকজন। তাঁদের আলাপচারিতায় বোঝা গেল, নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তাঁদের মনে শঙ্কা আছে। একজন বললেন, ‘সেনাবাহিনীর তো পাওয়ার নাই, তাদের থাকা না থাকা একই কথা।’ আরেকজন বলে উঠলেন, ‘যারা থাকব, হেরা অন্যরা কিছু করলে ধইরা লইয়া যাইব। আর ছাত্রলীগ-যুবলীগ কিছু করলে চা-বিস্কুট খাওয়াইব।’
ঢাকার অন্য বস্তির তুলনায় কড়াইল বস্তি কিছুটা পরিপাটি। এখানকার বাসিন্দারা কয়েকটি বেসরকারি সংস্থার সুবাদে নিয়মিত খাওয়ার পানি পান কম খরচে। তবে বিদ্যুতের সংযোগ বৈধ না হওয়ায় বিচ্ছিন্ন হওয়ার আতঙ্কে থাকেন। পয়োনিষ্কাশন আর মশার উপদ্রবের অস্বস্তি লেগে আছে।
১০ বছর ধরে এ বস্তিতে বাস করছেন ক্ষুদ্র ব্যবসায়ী রমিজউদ্দিন। তিনি বললেন, বস্তির অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। এখন সমস্যা হলো গ্যাস, বিদ্যুৎ-সংযোগ বৈধ নয়। বস্তি অপরিষ্কার থাকে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক রাজার প্রভাব এ বস্তিতে বেশি। অভিযোগ পাওয়া গেল, তাঁকে গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনীর কার্যালয়ে ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর জন্য কাজ করতে চাপ দেওয়া হয়েছে।
ফারুক রাজা বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও এ নিয়ে বেশি কথা বলতে রাজি হননি তিনি। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বাদে বাকি সব প্রার্থীই তাঁদের পোস্টার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ করলেন। তবে কে বা কারা ছিঁড়েছে, এ নিয়ে মুখ খুলতে রাজি নন কেউ।