কুমিল্লার চান্দিনা পৌরসভার মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় নির্ধারণ করে তালিকা প্রকাশ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী গতকাল সোমবার এ তালিকা প্রকাশ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল হক বলেন, চান্দিনা পৌরসভায় ভোটারের সংখ্যা ২৭ হাজার ৪৯৫ জন। এখানে মেয়রপ্রার্থীদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় তিন লাখ টাকা এবং ব্যক্তিগত খরচ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী ব্যয় বাবদ ৫০ হাজার ও ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা খরচ করতে পারবেন। সংরক্ষিত আসনের কাউন্সিলদের মধ্যে ১ ও ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ব্যয় এক লাখ টাকা করে এবং ব্যক্তিগত ব্যয় সাত হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ব্যয় ১ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যয় ১০ হাজার টাকা ধরা হয়েছে।