
ভৈরব শিল্প ও বণিক সমিতির নির্বাচন ১৫ জুন। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত যোগাযোগ, মুঠোফোন, ফেসবুকসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পোস্টারে শহর ছেয়ে ফেলেছেন। পোস্টারের কারণে শহরের প্রধান শহীদ মিনার ও পৌরসভা কার্যালয় ঢাকা পড়ে গেছে।
প্রচারণার জন্য প্রার্থীদের পক্ষে গণশৌচাগার, বৈদ্যুতিক খুঁটি, সিঁড়ি, বসার স্থান, ভ্রাম্যমাণ ট্রান্সফরমার, বস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও ডাস্টবিনের দেয়ালেও পোস্টার লাগানো হয়েছে। এতে অনেকে বিরক্তি প্রকাশ করেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, দুই বছরমেয়াদি ভৈরব শিল্প ও বণিক সমিতির কার্যকরী পর্ষদ নির্বাচনে সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি পদে একজন করে বিজয়ী হবেন। পরিচালক পদে ১৪ জন ও সহযোগী পরিচালক পদে বিজয়ী হবেন চারজন। ১৫ জুন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটার ৮১০ জন।
গত শুক্রবার দুপুরে শহর ঘুরে দেখা যায়, সরকারি-বেসরকারি প্রায় সব দপ্তরের ভেতর ও বাইরের দেয়ালে পোস্টার সাঁটানো।
পৌরসভার নিরাপত্তাকর্মী হানিফ মিয়া বলেন, ‘কী সুন্দর অফিসটারে কী বানাইয়া দিল!’
ভুসিপট্টিতে গিয়ে দেখা যায়, ভুসির বস্তায় পোস্টার। শ্রমিকেরা মাথায় করে ভুসি বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন। রসিকতা করে ভুসি ব্যবসায়ী আবদুল বাসেত বলেন, ‘পারলে আমরার মাথায় লাগাইত।’ নিজের ঘরের দুরবস্থা দেখে বিরক্ত হলেও রাসেল পোলট্রি ফিডের ব্যবস্থাপক শহীদুল ইসলাম হাসতে হাসতে বলেন, ‘কী আর করা, আউস কইরা লাগাইছে।’
বুক ফাটলেও মুখ খুলতে পারছেন না জানিয়ে পৌর মেয়র মো. শাহীন বলেন, পৌরসভা কার্যালয়ের আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে কয়েক লাখ টাকার দরকার। বিষয়টিকে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রুচিহীনতার ছাপ বলে উল্লেখ করেন। এ বিষয়ে জানতে চাইলে সভাপতি পদপ্রার্থী হুমায়ুন কবির জানান, তিনি নিজে শহীদ মিনার বা পৌরসভার দেয়াল নষ্ট করেননি। তবে যাঁরা করেছেন, তাঁরা কাজটি ঠিক করেননি বলে তিনি মন্তব্য করেন।
আরেক সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুনও দেয়াল নষ্ট করেননি দাবি করে বলেন, আসলে এ ঘটনায় প্রার্থীদের দায় থাকলেও দোষ নেই। কারণ, পোস্টার সাঁটানোর ব্যাপারে প্রার্থীরা ছোট ছেলেদের ব্যবহার করেন। তারা সচেতন নয়। কোনটি শহীদ মিনার আর কোনটি সরকারি দপ্তর, তা তারা বোঝে না। এ কারণেই এমন ঘটনা ঘটে।