আজ দশম জাতীয় সংসদ নির্বাচন। এতে প্রধান বিরোধী দলসহ বেশ কিছু দল অংশগ্রহণ না করায় এ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ নেই। তবে সংশয়, আতঙ্ক ও শঙ্কা আছে। বেশির ভাগ এলাকায় প্রার্থীরা তেমন গণসংযোগ চালাননি। এমনকি প্রার্থীরাও আশাব্যঞ্জক তেমন কোনো প্রতিশ্রুতি দেননি। ফলে জমে ওঠেনি নির্বাচন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদ্যমন্ত্রী রমেশ চন্দ্র সেন ও ওয়ার্কার্স পার্টির ইমরান হোসেন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারের শেষ দিনেও দুই প্রার্থীর তেমন কোনো প্রচার-প্রচারণা ছিল না। তাঁরা সীমিত জায়গায় নির্বাচনী সভা করেছেন। শহরে দুই-তিন দিন মাইকের মাধ্যমে দুই প্রার্থীই প্রচার চালিয়েছেন। নির্বাচনী এলাকার হাতেগোনা কয়েকটি জায়গায় টাঙানো রয়েছে পোস্টার। প্রচার-প্রচারণা না থাকায় ভোটে তেমন কোনো উত্তাপ নেই।
এলাকার অনেকে জানান, নির্বাচনে প্রচারণা করতে গিয়ে রমেশ চন্দ্র সেন তাঁর বক্তব্যে যুদ্ধাপরাধীর বিচারসহ জাতীয় ইস্যুকে প্রাধান্য দিয়েছেন। প্রচার কম প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার সংবিধান সমুন্নত রাখতে ভোট হচ্ছে। বেশি প্রচার করে কী করব?’ এদিকে ওয়ার্কার্স পার্টির ইমরান হোসেন চৌধুরী প্রচারের সময় দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত ঠাকুরগাঁও গড়ার বিষয়ে জোর দিয়েছেন।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই আওয়ামী লীগের। তবে দলীয় প্রার্থী হিসেবে আছেন সাংসদ মোয়াজ্জেম হোসেন। তাঁর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ সৈয়দ রফিকুল হক। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোয়াজ্জেম নতুন করে কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য এলাকাবাসীর ভোট চেয়েছেন। সৈয়দ রফিকুল হক ভোটারদের বলেছেন, গত পাঁচ বছরে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।
টাঙ্গাইল: দুই প্রার্থীর সরব তৎপরতা নিরুত্তাপ নির্বাচনে খানিকটা উত্তাপ বয়ে এনেছে টাঙ্গাইল-৫ আসনে। নির্বাচনী সভায় প্রার্থীরা নানা প্রতিশ্রুতিও দিয়েছেন। নির্বাচনে এ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী নির্বাচনী মাঠে উত্তাপ এনেছেন। অপর দুই প্রার্থী জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিকী এবং নবগঠিত বিএনএফ প্রার্থী আতাউর রহমান খানের তেমন তৎপরতা নেই।
ছানোয়ার হোসেনের পক্ষে জেলা আওয়ামী লীগ ও খান পরিবার মাঠে রয়েছে। আর মুরাদ সিদ্দিকী তাঁর নিজস্ব কর্মী বাহিনী নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। উভয় প্রার্থী পৌরসভার সব কটি ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নে নির্বাচনী সভা করে নানা প্রতিশ্রুতি দিয়েছেন।
কক্সবাজার: ‘কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে গতবার মহাজোট প্রার্থী আবদুর রহমান বদিকে ভোট দিয়েছিলাম। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপের ভাঙা বেড়িবাঁধ নির্মাণ করার আশ্বাস দিয়েছিলেন বলে আমরা তাঁকে ভোট দিয়েছিলাম। কিন্তু সাংসদ নির্বাচিত হয়ে গত পাঁচ বছরেও তিনি ওই বেড়িবাঁধ তৈরি করতে পারেননি। গতকাল শনিবার ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে শাহপরীর দ্বীপের কয়েক হাজার মানুষের ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এ কারণে এলাকার ভোটারেরা ক্ষুব্ধ হয়ে এবার জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়াকে ভোট দিচ্ছেন।’ গতকাল শনিবার শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ার বাসিন্দা ও স্থানীয় সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নুরুল আমিন এসব কথা তুলে ধরেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) মফিজুর রহমান, ওয়ার্কার্স পার্টির দিদারুল আলম চৌধুরী ও জাতীয় পার্টির (জেপি মঞ্জু) হায়দার আলী চৌধুরী। প্রার্থীদের সবাই সীতাকুণ্ডবাসীর জন্য নতুন মুখ।
কয়েকজন ভোটার জানান, দিদারুল আলম ও মফিজুর রহমান ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তবে অন্য দুই প্রার্থী প্রচার তো দূরের কথা, বেশির ভাগ ভোটার তাঁদের চোখেও দেখেননি।
কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উল আলম হানিফ ও বিএনএফের প্রার্থী রকিব উর রহমান খান চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, হানিফের সভায় জনগণের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। রকিব উর রহমান খান চৌধুরীর গণসংযোগে তেমন নেতা-কর্মী দেখা যায়নি। তবে নির্বাচনী ক্যাম্প বা পোস্টার এলাকায় কম ছিল। সাংসদ নির্বাচিত হলে রকিব উর রহমান গড়াই তীরের মানুষের পুনর্বাসন, কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতু, কুষ্টিয়া বাইপাস সড়ক করে দেওয়ায় প্রতিশ্রুতি দিয়েছেন।