প্রার্থীদের প্রচারে তরুণ-তরুণীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাভ্যানের সামনের দিকে মাটির একটি ছোট্ট হাতি। পেছনে তিন তরুণ বাদ্যযন্ত্রসহ গান গেয়ে হাতি প্রতীকে ভোট চাইছেন। নগরের জুবিলি রোডে গতকাল বৃহস্পতিবার দেখা যায় এ দৃশ্য। হাতি প্রতীক স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবদুল মালেকের। পাশ দিয়ে যাচ্ছিল মাইক লাগানো একটি সিএনজিচালিত অটোরিকশা। মাইকে ভেসে আসছিল, ‘যত চিবে (টিপে) তত রস, আনারস আনারস’। এই আনারস প্রতীক সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের। তাঁর পক্ষে মাইকযোগে ওই এলাকায় এভাবে প্রচার চালান দুই তরুণ।চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীদের এমনি নানারকম প্রচারে বেলা দুইটার পর থেকে মুখরিত হয়ে উঠছে পুরো নগর। শোনা যাচ্ছে নানা মুখরোচক স্লোগানও। প্রার্থীদের পাশাপাশি তাঁদের পক্ষে প্রচারে নেমেছেন তরুণ-তরুণীরা। কথা বলে জানা যায়, মাইকযোগে প্রচারের জন্য তাঁরা দৈনিক জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা করে পাচ্ছেন। আর যাঁরা রিকশাযোগে মাইকে প্রচার করছেন, তাঁরা পাচ্ছেন দৈনিক ৩০০ টাকা করে। কেউ কেউ দু-তিনজন প্রার্থীর পক্ষেও মাইকিং করছেন।আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে গতকাল জামালখান এলাকায় মাইকিং করছিলেন মো. আজিজ। তিনি বলেন, ‘শুরু থেকে আমি মহিউদ্দিন চৌধুরীর পক্ষে মাইকিং করছি। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকিং করি।’জানা যায়, সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে মহিউদ্দিন ও মন্জুরের পক্ষে অন্তত দুটি গাড়িতে করে মাইকযোগে প্রচার চালানো হচ্ছে। তবে মাইকে মন্জুরের পক্ষে প্রচারে নিয়োজিত নূর উদ্দিন ও ইয়াছিন জানান, প্রতি ওয়ার্ডে পাঁচটি গাড়িতে করে তাঁদের প্রার্থীর পক্ষে মাইকে প্রচার চালানো হচ্ছে। নূর উদ্দিনরা একটি প্রচারপত্রও বিলি করছেন। গোয়ালপাড়ায় গত বুধবার সরকারি সিটি কলেজের তিন ছাত্রীকে প্রচারে ব্যস্ত দেখা যায়। জানতে চাইলে তাঁরা বলেন, ‘আমরা মহিউদ্দিন চৌধুরী ও কাউন্সিলর প্রার্থী জামসেদুল আলমের পক্ষে প্রচার করছি।’সংরক্ষিত নারী কাউন্সিলর পদের যেসব প্রার্থী ফুটবল প্রতীক পেয়েছেন, বিশ্বকাপ ফুটবলকে টেনে তাঁদের পক্ষে স্লোগান দিচ্ছেন তাঁদের সমর্থকেরা।