চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির এ বি এম মহিউদ্দিন চৌধুরী জাহাজ এবং বিএনপি-জামায়াত সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের এম মঞ্জুর আলম পেয়েছেন আনারস প্রতীক। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ১৭ জুন অনুষ্ঠেয় নির্বাচনের মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর সভাপতিত্বে গতকাল প্রার্থীদের প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় মেয়র পদের আটজন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরী আগে থেকেই জাহাজ প্রতীক চেয়ে আবেদন করেছিলেন। আর কেউ এই প্রতীক না চাওয়ায় তাঁকে প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়। তবে মঞ্জুর আলমের পাশাপাশি মোফাজ্জল হোসেন ভূঁইয়াও আনারস প্রতীক চেয়েছিলেন। এ দুই প্রার্থীর মধ্যে সমঝোতার জন্য কিছুক্ষণ প্রতীক বরাদ্দ কার্যক্রম স্থগিত রাখা হয়। পরে সমঝোতার ভিত্তিতে মোফাজ্জল হোসেন ভূঁইয়া দাবি প্রত্যাহার করলে মঞ্জুরকে আনারস প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। মোফাজ্জল পান হেলিকপ্টার প্রতীক। একই প্রক্রিয়ায় সৈয়দ সাজ্জাদ জোহার সঙ্গে সমঝোতার ভিত্তিতে টেলিভিশন প্রতীক পান জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত প্রার্থী সোলায়মান আলম শেঠ। সাজ্জাদ জোহা পান চশমা প্রতীক। মেয়র পদের অন্য প্রার্থীদের মধ্যে মো. রফিকুল আলম তালা, মো. ইব্রাহীম মোটরসাইকেল এবং জানে আলম দোয়াত-কলম প্রতীক পেয়েছেন।