বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে। প্রার্থীরা সরাসরি অথবা তাঁদের লোকজনের মাধ্যমে ভোটারদের টাকা দিচ্ছেন। প্রতিটি ভোটের জন্য ৫০০ থেকে এক হাজার টাকা বিলি করা হচ্ছে।
গত দু্ই দিনে একাধিক মেয়র ও কাউন্সিলর প্রার্থী নির্বাচন কর্মকর্তাদের কাছে ভোট কেনার অভিযোগ করেছেন। নির্বাচন কার্যালয় এসব অভিযোগ পাওয়ার পর বিভিন্ন এলাকায় তাদের সোর্স দিয়ে বিষয়টি তদারকি করছে। আগামীকাল রোববার পৌরসভার এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ওয়ার্ডের ২০ থেকে ২৫ জন ভোটার নাম প্রকাশ না করার শর্তে জানান, মেয়র পদপ্রার্থী তিনজন ভোট কেনার জন্য মহল্লায় মহল্লায় তাঁদের লোকজন দিয়ে লিফলেটের সঙ্গে ভোটারদের জনপ্রতি ৫০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত দিচ্ছেন। অবস্থাভেদে কোনো কোনো ভোটারকে দুই হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আর কাউন্সিলর প্রার্থীরা সরাসরি টাকা দিয়ে ভোট কিনছেন। ভোটাররা আরও জানান, যাঁরা টাকা নিচ্ছেন, তাঁরা একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছেন। এ জন্য প্রার্থীরা টাকা দিয়ে ভোট দেওয়ার সময় ব্যালট কাগজে চিহ্ণ দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুর রশিদ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস এম কায়কোবাদ, ৭ নম্বর ওয়ার্ডের আখতারুজ্জামান মুঠোফোনে নির্বাচন কার্যালয়ে অন্য প্রার্থীদের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী বলেন, ‘গত দুই দিনে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা অন্য প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ করেছেন। আমরা অভিযোগ আমলে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে লোক লাগিয়ে দিয়েছি। কেউ এ ধরনের কাজ করলে হাতেনাতে আটক করে খবর দিলে ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি আবদুল মজিদ বলেন, ‘নির্বাচনে কালো টাকার খেলা হয়। তবে টাকা দিয়ে ভোট কিনে কোনো প্রার্থী নির্বাচিত হলে তাঁরা এলাকার উন্নয়ন না করে পকেট ভারী করবেন। ভোটাররা সচেতন না হলে এসব রোধ করা কঠিন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান বলেন, ভোটের আগে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করলে কিছুটা রোধ হবে।