নরসিংদী পৌরসভার মেয়র পদপ্রার্থী ও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের হুমকি-ধমকি ও ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ ক্ষেত্রে প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এদিকে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত রোববার রাতে মেয়র পদপ্রার্থী আফজাল হোসেনকে ১০ হাজার টাকা ও আরিফুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।একই রাতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার যুবককে আটক করে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাঈন উদ্দিন।আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও নিহত মেয়র লোকমান হোসেনের ছোট ভাই কামরুজ্জামান ৯ ও ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনে অভিযোগ করেন, ‘প্রার্থী মোন্তাজ উদ্দিন ভূঁইয়া ও তাঁর সমর্থকেরা আমাদের কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছেন। কাউরিয়াপাড়ায় গণসংযোগকালে ভোটাররা জানান, মোন্তাজ ভূঁইয়া ও তাঁর লোকজন প্রচার চালাচ্ছে, নরসিংদীর মন্ত্রী রাজু (ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু) সাহেব মোন্তাজ ভূঁইয়াকে সমর্থন করেছেন। প্রশাসন মোন্তাজের হাতের মুঠোয়। আনারস প্রতীকে এক ভোট পড়লেও মোন্তাজ পাস করবেন, কাপ-পিরিচে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না।’অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য পাঁচ প্রার্থী ১২ জানুয়ারি কামরুজ্জামানের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে নির্বাচন কমিশনে চিঠি দেন। মেয়র পদপ্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, আমজাদ হোসেন ভূঁইয়া, হাজি আফজাল হোসেন, মোছাব্বির আহম্মেদ নাসির ও আরিফুল ইসলাম অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘আমরা নির্বাচন-কার্যক্রম পরিচালনা করতে গিয়ে লক্ষ করছি, বিভিন্ন পাড়া-মহল্লায় কামরুজ্জামানের ইশারায় ও পৃষ্ঠপোষকতায় চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের কর্মী-সমর্থক ও সংখ্যালঘু ভোটারদের হুমকি দিচ্ছে।’ এতে তাঁরা সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি আমলে নিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা না হলে তাঁরা নির্বাচন বর্জন করার হুমকি দেন।দুই পক্ষের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা আবদুল অদুদ বলেন, ‘প্রার্থীদের অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ আচরণবিধি লঙ্ঘন করায় সাজা: শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার এনামুল হক, বীরপুর এলাকার রিজভী আহমেদ, কানাই কুমার দেব ও সেবাসংঘের মোড় এলাকার টিপু সুলতান রোববার রাত ১১টার দিকে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ও লিফলেট বিতরণ করছিলেন। ওই সময় ভ্রাম্যমাণ আদালত তাঁদের হাতেনাতে ধরে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শহরের সেবাসংঘ মন্দিরের মাঠে নির্বাচনী সভা করায় প্রার্থী মোন্তাজকে চূড়ান্তভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে কমিশন কারণ দর্শানোর নোটিশ দিলে মোন্তাজের নির্বাচনী প্রতিনিধি আসাদুজ্জামান গতকাল বিকেল পাঁচটার দিকে কারণ উল্লেখ করে জবাব দেন। আজ প্রচারের শেষ দিন: আগামী বৃহস্পতিবার নরসিংদী পৌরসভার উপনির্বাচন। তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রচার শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাতে।