প্রার্থীদের ব্যস্ত প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় গতকাল রোববার সরগরম ছিল গাজীপুর সিটি করপোরেশন এলাকা। ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে তাঁরা নানা প্রতিশ্রুতি দেন। শহরজুড়ে মাইকেও প্রার্থীদের পক্ষে প্রচারণা চালানো হয়।

আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আজমত উল্লা গতকাল সকালে টঙ্গীর চেরাগআলী, গাজীপুরা, হোসেন মার্কেট, কলেজগেট এবং জয়দেবপুরের হাড়িনাল এলাকায় প্রচারণা চালান। রাতে তিনি সদরের ধীরাশ্রম এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি উন্নয়নের স্বার্থে তাঁর প্রতীক দোয়াত-কলমে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

গতকাল আজমত উল্লার পক্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান নেতা-কর্মীদের নিয়ে টঙ্গী এলাকায় এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান।

এদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান গতকাল গাজীপুর সদর উপজেলার ভাড়ারুল, জামতলা, মেঘডুবি, কামুতাবাজার, হায়দারাবাদ হাইস্কুল, সুকন্দিরবাগ, আক্কাছ মার্কেট, তরফপাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জেলা বিএনপির সভাপতি ফজলুল হকসহ দলের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

প্রচারণাকালে এম এ মান্নান বলেন, উন্নয়নের দিক থেকে গাজীপুর অনেক পিছিয়ে। তাই উন্নয়নবঞ্চিত মানুষের পাশে থাকবেন তিনি। এ জন্য তাঁকে ভোট দিয়ে জয়ী করতে তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

মেয়র প্রার্থীরা ছাড়াও ৫৭টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালান।

রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমান জানান, প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।