প্রার্থীদের ভোটের রায় মেনে নেওয়ার আহ্বান সিইসির

তিন সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থীদের জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। তিনি বলেন, কোনো প্রার্থী বা তাঁর সমর্থক বেআইনি কাজ করবেন না। সংক্ষুব্ধ হলে আইনের আশ্রয় নেবেন।
আজ মঙ্গলবার ভোটগ্রহণ উপলক্ষে গতকাল সোমবার নির্বাচন কমিশনে (ইসি) সংবাদ ব্রিফিংয়ে সিইসি এ আহ্বান জানান।
আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কাজী রকিব উদ্দীন বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য প্রদর্শন করলে বরদাশত করা হবে না। ভোটারদের মানসিক স্বস্তির জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে অবস্থান করবে। মারপিট হলে পুলিশ-বিজিবি ব্যবস্থা নেবে। তারা ফেল করলে বা তারা দূরে অবস্থান করলে রিটার্নিং কর্মকর্তা সেনাবাহিনী ডাকবেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।
ভোটারদের আশ্বস্ত করে সিইসি বলেন, ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দমতো প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। এবারের নির্বাচন নিয়ে ভোটার এবং নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
প্রার্থীরা অভিযোগ করছেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি—সাংবাদিকদের এ প্রশ্নে সিইসি বলেন, মেয়র প্রার্থীরা একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী হলেও তাঁরা খুব ভালোভাবে প্রচারণা চালিয়েছেন। এটাই প্রমাণ করে সবাই সমান সুযোগ পেয়েছেন। দুই-চারটা ক্ষোভ সবারই থাকে। ছোটখাটো অভিযোগ পাওয়া গেছে, তা সমাধানের চেষ্টা চলছে।
বেশ কিছু প্রার্থী হামলার শিকার হয়েছেন—সাংবাদিকদের এ প্রশ্নে সিইসি বলেন, ‘আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। বিজিবি মাঠে নেমে গেছে। ঘনঘন টহল দিচ্ছে। তবে কেউ চোরাগোপ্তা বা পেট্রলবোমা হামলা করলে তাদের ধরা যায় না। প্রার্থীদের ওপর হামলার বিষয়ে পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। নিরপেক্ষভাবে তদন্ত করতে বলেছি।’