রংপুর সিটি করপোরেশন নির্বাচনে গতকাল শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামেন প্রার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মেয়র পদপ্রার্থীদের মধ্যে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ সরফুদ্দীন আহমেদ মোটরসাইকেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান দোয়াত-কলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির চৌধুরী কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান হাঁস এবং একই দল থেকে বহিষ্কৃত পৌর জাপার সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম আবদুর রউফ পেয়েছেন চশমা প্রতীক। বিএনপির নেতা কাওসার জামান আনারস, ওয়ার্কার্স পার্টির নেতা কাজী মাজিরুল ইসলাম টেলিভিশন, বাসদের আবদুল কুদ্দুস তালা, নাগরিক ঐক্যের ফারুক আজিজ ঘোড়া ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা জাহাজ প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার সরকার টেবিল এবং অপর স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান পেয়েছেন প্রজাপতি প্রতীক।রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মেয়র পদে ১২ জন, ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩২১ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের ১১টি পদের জন্য ৯১ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।