নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আইন ও আচরণবিধির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আমাদের কাছে খবর আছে, প্রার্থীদের কেউ কেউ বাড়িতে মেজবান খাওয়াচ্ছেন। নির্বাচনের পর প্রার্থীদের ৩৩০ টাকা করে প্রতি কেজি গরুর মাংসের দাম এবং কত লোককে খাওয়ানো হয়েছে, তার হিসাব দিতে হবে। হিসাবে গরমিল পাওয়া গেলে প্রার্থীর বিরুদ্ধে মামলা হবে।’গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনার চট্টগ্রাম সার্কিট হাউজে প্রার্থী ও তাঁদের এজেন্ট এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রার্থীদের সতর্ক করে এসব কথা বলেন। সভায় কয়েকজন মেয়র পদপ্রার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তিনি মেয়র প্রার্থী ও তাঁদের এজেন্ট এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং মোহাম্মদ মনজুর আলম সভায় উপস্থিত ছিলেন না। মতবিনিময় সভায় রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী এবং সহকারী রিটার্নিং কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এম সাখাওয়াত বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এখনো পরস্পরের সমালোচনা করার ক্ষেত্রে শালীনতার মাত্রা অতিক্রম করেননি। আশা করি, ভবিষ্যতেও সমালোচনার ক্ষেত্রে তাঁরা শালীনতা বজায় রাখবেন।’ ভবিষ্যতে যেকোনো স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে চট্টগ্রামের প্রার্থীদের আচরণ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি মনে করেন। নির্বাচন কমিশনার প্রার্থীদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিগত সংসদ নির্বাচনে যেসব প্রার্থী সঠিক হিসাব দেননি তাঁদের বিরুদ্ধে এক হাজার ৪০০ মামলা হয়েছে। সুতরাং মেজবানসহ নির্বাচনী ব্যয়ের হিসাব ঠিকমতো দিতে হবে। নইলে মামলা হবে।’