নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে কাল বৃহস্পতিবার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন নির্বাচন কমিশন। সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ ক্লাবে এই সভা অনুষ্ঠিত হবে। এ জন্য মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী এবং করপোরেশনের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, মূলত নির্বাচন যাতে সুষ্ঠু হয়, কোনো প্রার্থী যাতে হয়রানি শিকার না হন, প্রার্থীদের আচরণবিধি মেনে চলা এবং নির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা হবে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও মো. শাহনেওয়াজ উপস্থিত থাকবেন। প্রার্থী ও করপোরেশনের গণ্যমান্য ব্যক্তি ছাড়া নির্বাচনের দায়িত্বে থাকা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা সভায় উপস্থিত থাকবেন। মতবিনিময় সভাটির আয়োজন করেছে জেলা প্রশাসন।
২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। কোনো সিটি করপোরেশনে প্রথমবারের মতো রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ মেয়র পদে মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৬ জন প্রার্থী। নারীদের জন্য সংরক্ষিত নয়টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন প্রার্থী।