দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদ ও আয়কর রিটার্নের অনুলিপি সাংবাদিকদের কাছে সরবরাহ করছে না জেলা নির্বাচন কার্যালয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ১রংপুর ৫ মার্চ নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট নেওয়া হবে। এতে লিপি বেগম নামের একজন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তাঁর হলফনামার সঙ্গে উপজেলার ছোট তেঁতুলিয়া উচ্চবিদ্যালয় থেকে ১৯৯৬ সালে নবম শ্রেণী পাসের প্রশংসাপত্র জমা দেন।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউল হক জানান, লিপি বেগম কখনো তাঁর বিদ্যালয়ের ছাত্রী ছিলেন না। বিষয়টি জানার পর তিনি নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা না থাকায় হলফনামার সঙ্গে জমা দেওয়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আয়কর রিটার্নের অনুলিপি সরবরাহ করা সম্ভব নয়।