প্রার্থীদের সব অভিযোগ না শুনেই সভা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজান উপজেলায় আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীরা আবারও তাঁদের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছেন। এলাকায় কয়েকজন প্রার্থী নির্বাচনী প্রচার চালাতে পারছেন না বলে অভিযোগ করেন। কিন্তু প্রার্থীদের সবার অভিযোগ না শুনেই সভা শেষ করে দেয় জেলা প্রশাসন।গতকাল বুধবার বিকেলে রাউজান উপজেলা চত্বরের রাউজান-রাঙ্গুনিয়া নিজামুদ্দিন পাবলিক হল মিলনায়তনে ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের সঙ্গে এ সমন্বয় সভা হয়। সভায় হলদিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহের অভিযোগ করেন, ‘নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে আমি এলাকায় আসতে পারিনি। নির্বাচনী এলাকায় আমার কোনো পোস্টার লাগানো যায়নি। মতবিনিময় সভায় আসতেও আমাকে অনেক বেগ পেতে হয়েছে। এ অবস্থায় কীভাবে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে?’সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, পুলিশ সুপার জেড এ মোরশেদ, জেলা আনসার ভিডিপির কমান্ডার ইব্রাহিম ভুঞা ও হাটহাজারী এলাকার সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার। গত ১৫ মে থেকে রাউজানে নির্বাচনী কার্যক্রম শুরু হয়। রাউজান সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম অভিযোগ করেন, ‘নির্বাচনী কার্যক্রম শুরুর পর সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠান জম জম মিষ্টি মহল বন্ধ করে দিয়েছে। কদলপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইফুল হক চৌধুরী অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম খান তাঁর ভাতিজার পক্ষে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন এবং নগদ টাকা অনুদানসহ বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন।’ সভায় এভাবে নানা অভিযোগ দিতে একপর্যায়ে অন্তত ১০-১২ জন প্রার্থী দাঁড়িয়ে যান। কিন্তু তাঁদের অভিযোগ না শুনেই জেলা প্রশাসক সভা শেষ করেন।এসব অভিযোগের জবাবে জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ বলেন, ‘আপনারা কেউ কেউ নিশ্চয় কারও প্রতিহিংসার শিকার। আমাদের কাছে লিখিত অভিযোগ দিন, ব্যবস্থা নেব।’সভার শুরুতে জেলা প্রশাসক প্রার্থীদের উদ্দেশে বলেন, চট্টগ্রামের সব উপজেলার মধ্যে রাউজানেই সবচেয়ে বেশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে বেশি। তিনি কয়েকজন প্রার্থীর নামও উল্লেখ করেন। নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে না মানায় তিনি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদেরও ভৎঁসনা করেন। তিনি প্রার্থীদের বলেন, রাউজানের অতীত নেতিবাচক পরিচিতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনে পর্যাপ্ত পুলিশ, র্যাব, বিজিবি, এপিবিএনসহ সব বাহিনীর লোক থাকবে। গোয়েন্দারাও সক্রিয় থাকবে। তিনি বলেন, অনুদান দেওয়া কিংবা প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সভা শুরুর আগেই মিলনায়তন পুরোপুরি ভরে যায়। সভা শুরু হলে মাঠেও প্রার্থী এবং এলাকার লোকজন জড়ো হন। তবে মাত্র সাতজন চেয়ারম্যান প্রার্থী বক্তব্য দেওয়ার পরই জেলা প্রশাসক সভা শেষ করে দেন। ফলে সদস্য প্রার্থী এবং সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা কোনো কথা বলতে পারেননি। ডাবুয়া ইউনিয়নের নারী সদস্য তপতী রানী দে অভিযোগ করেন, ‘আগে থেকেই আমাদের আইনশৃঙ্খলা সমন্বয় সভায় অভিযোগ জানাতে বলা হলো। অথচ এখানে এসে আমরা কোনো কথাই বলতে পারলাম না। তাহলে আমাদের ডেকে কী লাভ হলো?’