২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, প্রার্থীদের বেশির ভাগের পেশা ব্যবসা। সম্পদের তুলনায় তাঁদের আয়ও কম। এঁদের মধ্যে শিক্ষায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম, সবচেয়ে মামলা বেশি বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে, সম্পদ বেশি জাতীয় পার্টির প্রার্থী মো. শাহনেওয়াজ ইবনে মোস্তাকের।
জামায়াতে ইসলামীর আরিফুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই। এই পাঁচ হেভিওয়েট প্রার্থীর হলফনামার চুম্বক অংশ তুলে ধরা হলো।
জাফর আলম: পেশায় ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল চারটি। দুটি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন, অন্য দুটি বিচারাধীন। তাঁর বার্ষিক আয় সাত লাখ ৩০ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ১০ হাজার, ব্যবসা খাত থেকে আড়াই লাখ ও অন্যান্য খাত থেকে চার লাখ ৭০ হাজার টাকা আয় দেখিয়েছেন। তাঁর নগদ টাকা রয়েছে তিন লাখ ও স্ত্রীর রয়েছে ১০ হাজার টাকা। নিজের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে ৭৫ হাজার ও স্ত্রীর নামে ৫০ হাজার ৭০০ টাকা। এ ছাড়া ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি পাজেরো জিপ রয়েছে। স্ত্রীর নামে স্বর্ণ রয়েছে ১০ ভরি, যার অর্জনকালীন মূল্য দেখিয়েছেন এক লাখ টাকা। এ ছাড়া স্থাবর সম্পদের মধ্যে তাঁর নামে ১০ শতক কৃষিজমি ও স্ত্রীর নামে ৪০ শতক কৃষি জমি রয়েছে। তাঁর অকৃষি জমি রয়েছে ২১ কড়া। স্ত্রীর নামে অকৃষি জমি রয়েছে ছয় দশমিক ৭৫ শতক। এ ছাড়া বাড়ির মূল্য দেখিয়েছেন দুই লাখ টাকা। নিজের নামে চিংড়ি খামার রয়েছে ২০ একর। বার্ষিক খাজনা দেন ৪০ হাজার টাকা। তাঁর ব্যাংক ঋণ নেই।
মো. শাহনেওয়াজ ইবনে মোস্তাক: মো. শাহনেওয়াজ ইবনে মোস্তাকের বিরুদ্ধে পাঁচটি মামলা থাকলেও তিনটি মামলা নিষ্পত্তি হয়ে গেছে। দুটি মামলা কক্সবাজার দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। পেশায় ব্যবসায়ী মো. শাহনেওয়াজের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। বার্ষিক আয় দেখিয়েছেন ১৩ লাখ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে ব্যংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত আছে ৩১ লাখ ২১ হাজার ৬৯৮ টাকা, বন্ড ও শেয়ার খাতে ৫৮ লাখ ৪০ হাজার টাকা, কক্সবাজারে রেনেসাঁ নামের একটি হোটেলের শেয়ার আছে, যার মূল্য ৪২ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা, নাফ করপোরেশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে শেয়ার আছে, যার মূল্য এক কোটি ৭২ লাখ ৭৪ হাজার ১৮৮ টাকা। তাঁর রয়েছে দুটি গাড়ি। যার মূল্য দেখিয়েছেন ৩১ লাখ ৫০ হাজার টাকা। নিজের নামে ৯২ ভরি স্বর্ণ ও টিভি, ফ্রিজ, কম্পিউটার রয়েছে। এসব তিনি উপহার হিসেবে পেয়েছেন। স্থাবর সম্পদের মধ্যে চকরিয়ার পৈতৃক সূত্রে প্রাপ্ত ১০ একর ও ঢাকার উত্তরায় তিন কাঠা জমি রয়েছে। ঢাকার নয়াপল্টন, গুলশান ও চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় ফ্ল্যাট রয়েছে তাঁর। এ ছাড়া কক্সবাজারে পৈতৃক বাড়ি রয়েছে। এসব কিছুর অর্জনকালীন মূল্য দেখিয়েছেন এক কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ৩৩১ টাকা। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ঢাকার প্রিন্সিপাল শাখায় তাঁর ঋণ রয়েছে চার কোটি ৫২ লাখ টাকা।
মো. মিজানুর রহমান চৌধুরী: উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা দেখিয়েছেন এসএসসি পাস। তিনিও পেশায় ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এসবের তিনটির তদন্ত চলছে, চারটি বিচারাধীন ও একটি হাইকোর্ট কর্তৃক স্থগিত আছে। তাঁর বার্ষিক আয় দুই লাখ ৮০ হাজার ৭০ টাকা।
এর মধ্যে কৃষি খাত থেকে ৬৮ হাজার ৭০ টাকা, ব্যবসা খাত থেকে এক লাখ ৭০ হাজার ও অন্যন্যা খাত থেকে ৪২ হাজার টাকা আয় করেন। অস্থাবর সম্পদের তালিকায় নিজের নামে নগদ টাকা রয়েছে পাঁচ লাখ টাকা, গাড়ি রয়েছে দুই লাখ ২৬ হাজার টাকার ও ১০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে তার নামে কৃষিজমি রয়েছে এক একর ৭০ শতক, যার মূল্য দেখিয়েছেন দুই লাখ ছয় হাজার ২৫০ টাকা। অকৃষিজমি রয়েছে ২০ একর ৮৪ শতক। যার মূল্য দেখিয়েছেন ১০ লাখ ৪১ হাজার টাকা। এ ছাড়া ৭০ একর জায়গার ওপর একটি বাড়ি রয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৫০ হাজার টাকা। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এলাকায় তাঁর রয়েছে চার কাঠা জমি, যার অর্জনকালীন মূল্য দেখিয়েছেন চার লাখ ৫০ হাজার টাকা। তাঁর কোনো ব্যাংকঋণ নেই।
মো. সিরাজুল ইসলাম চৌধুরী: মো. সিরাজুল ইসলাম চৌধুরীর পেশা কৃষি। তিনি বিএ পাস করেছেন। তাঁর বার্ষিক আয় দুই লাখ ৫০ হাজার। এর মধ্যে কৃষি খাত থেকে ৬০ হাজার ও অন্যান্য খাত থেকে আয় হয় এক লাখ ৯০ হাজার। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা রয়েছে ৯৫ হাজার টাকা ও ব্যাংকে জমা আছে ৬৫ হাজার টাকা। এ ছাড়া নিজের নামে আছে ১৫ ভরি সোনার গয়না, যার অর্জনকালীন মূল্য ৩০ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে চার একর কৃষিজমি ও এক একর ৯৬ শতক অকৃষিজমি রয়েছে। এসবের অর্জনকালীন মূল্য ৩০ লাখ টাকা। একটি একতলা বাড়ির মূল্য দেখিয়েছেন ১০ লাখ টাকা। এ ছাড়া তিনি সরকারিভাবে চিংড়ি চাষের জন্য ১০ একর জমি পেয়েছেন। তবে তাঁর দায়দেনা ও মামলা নেই।
আরিফুর রহমান চৌধুরী: জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী হলফনামায় নিজের কোনো মামলা নেই বলে উল্লেখ করেছেন। কিন্তু ৪ ফেব্রুয়ারি হলফনামা জমা দেওয়ার দুদিন পর তিনি তিন কোটি ৯৪ লাখ টাকা ঋণ খেলাপ করেছেন মর্মে চট্টগ্রামের অর্থ ঋণ আদালত তাঁর বিরুদ্ধে নোটিশ জারি করেন। তবে আরিফুর রহমান চৌধুরী দাবি করেন, তিনি ঋণখেলাপি নন। ওই ব্যাংকে তিনি নিয়মিত ঋণ পরিশোধ করছেন। হলফনামায় অর্থঋণ মামলাসংক্রান্ত কোনো কলাম না থাকায় তিনি ওই মামলার কথা উল্লেখ করেননি। তিনি বিএ পাস করেছেন, তাঁর পেশা ব্যবসা। তাঁর বার্ষিক আয় তিন লাখ ৭০ হাজার টাকা। ব্যবসা খাত থেকে দুই লাখ টাকা এবং শেয়ার, সঞ্চয় বা আমানত বাবদ এক লাখ ৭০ হাজার টাকা আয় হয়। অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা রয়েছে ৫০ হাজার, ব্যাংকে গচ্ছিত রয়েছে পাঁচ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানির শেয়ার বাবদ জমা রয়েছে ১০ লাখ টাকা।
নিজের নামে রয়েছে দুটি মাইক্রোবাস, যার মূল্য দেখিয়েছেন ২০ লাখ ৫০ হাজার টাকা। স্ত্রীর নামে ২৫ ভরি স্বর্ণ আছে, যার অর্জনকালীন মূল্য দেখিয়েছেন দুই লাখ ৫০ হাজার টাকা। স্থাবর সম্পদ বলতে নিজের নামে শুধু ২০ শতক কৃষি জমি রয়েছে।