ফেনী সদর, পরশুরাম ও দাগনভূঞা পৌরসভার ১৫টি ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির নেতারা। এ জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দায়ী করেছেন তাঁরা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।
এর আগে গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ফেনীর তিনটি পৌরসভার ৪৮টি ওয়ার্ডের (সাধারণ ও সংরক্ষিত) ৩৩টিতেই একজন করে কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়ে। তাঁদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বা যাচাই-বাছাইয়ে কেউ বাদ না পড়লে ভোটের আগেই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হবেন। এই ৩৩ জনের প্রায় সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের অভিযোগ করেন, ফেনীর তিনটি পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের হুমকি-ধমকি ও নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়। এরপরও ফেনী সদর ও দাগনভূঞা পৌরসভায় কাউন্সিলর পদে ১৫টি ওয়ার্ডে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবারও নানাভাবে চাপ ও ভয়ভীতি দেখানো হচ্ছে।
দাগনভূঞা পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী কাজী সাইফুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের সঙ্গে নিয়ে দাগনভূঞা থানা পুলিশ তাঁর বাড়িতে যায়। তিনি তখন বাড়িতে ছিলেন না। ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা তাঁর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন।
তবে দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বলেন, কোনো কাউন্সিলর প্রার্থীকেই হুমকি দেওয়া হয়নি। এটি অপপ্রচার মাত্র।
জানতে চাইলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মেয়র পদপ্রার্থী কাজী সাইফুর রহমানের ভাইয়ের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মেয়র প্রার্থীকে খোঁজার জন্য নয়, তাঁর ভাইকে খুঁজতে বৃহস্পতিবার রাতে পুলিশ বাড়িতে যায়।
বিএনপির অভিযোগের বিষয়ে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বলেন, যদি কোনো প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন, সেটি তাঁর নিজস্ব ব্যাপার হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কোনো নেতা-কর্মী কাউকে হুমকি-ধমকি বা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।