প্রার্থীদের সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী জেসমিন টুলি বলেছেন, প্রার্থীদের সহযোগিতার ফলেই চট্টগ্রামের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। প্রার্থীরা আচরণবিধি মেনে চলেছেন। নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় ফিরে জেসমিন টুলি গতকাল সোমবার নির্বাচন কমিশনে (ইসি) নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের দায়িত্ব পেলেও আমি তা চ্যালেঞ্জ হিসেবে নেব।’ তিনি বলেন, ‘মাঝি কত শক্ত হাতে হাল ধরেছে, ঝড় না উঠলে তা বোঝা যায় না। শান্ত নদীতে হাল ধরে তীরে ফেরা খুব সহজ।’ফল ঘোষণায় বিলম্ব হওয়ার কারণ সম্পর্কে জেসমিন টুলি বলেন, কমিশন প্রতিটি কেন্দ্রেই ফল ঘোষণা করে দিয়েছিল। কেন্দ্রভিত্তিক ঘোষিত ফল রিটার্নিং অফিসারের দপ্তরে আসা এবং তা যোগ করা নিয়েই বিলম্বের অভিযোগ করা হয়েছে। ৬৭৩টি কেন্দ্রের ফল এক করে প্রকাশ করা সময়সাপেক্ষ। জেসমিন টুলি প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক দল বা প্রার্থীরা কেন কমিশনের ওপর আস্থা রাখবে না! চট্টগ্রামে অনাস্থার কোনো কিছুই তো কমিশন করেনি। তার পরও কেন তারা উল্টোপাল্টা অভিযোগ করলেন! রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ সবাই আশা করে।কেন্দ্রভিত্তিক ভোট গণনার রীতি থেকে নির্বাচন কমিশনের সরে আসা উচিত বলে মনে করেন জেসমিন টুলি। তিনি বলেন, ‘চট্টগ্রামের অভিজ্ঞতা থেকে আমি এটাই মনে করছি। কারণ কেন্দ্রে ভোট গণনা করতে গেলে অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়। এ বিষয়ে আমি কমিশনের কাছে একটি প্রস্তাব দেব।’ তিনি বলেন, চট্টগ্রামের নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে রাজনৈতিক সরকারের আমলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।