প্রার্থীদের সহযোগিতায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, প্রার্থীদের সহযোগিতায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার যে অভিযোগ বিএনপি করেছে, তার কোনো ভিত্তি নেই। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিইসি ঢাকায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।নির্বাচনের ফলাফল যা-ই হোক, তা মেনে নিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আগে থেকেই পদক্ষেপ নিয়েছিল। সারা দিনে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ শান্তিপূর্ণ ছিল। এমন সুষ্ঠু নির্বাচন আগে কোনো সিটি করপোরেশনে হয়নি। সুন্দর এই নির্বাচন চট্টগ্রামবাসীর কাছে ইতিহাস হয়ে থাকবে।ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে শামসুল হুদা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা চিন্তিত ছিলাম। তবে কোনো ধরনের বিপত্তি ছাড়াই সফলভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হয়েছে। এর ফলে তাৎক্ষণিক পাঁচ-ছয়টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। সামনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কিছু কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে।’সিইসি দাবি করেন, তিন থেকে চারটি কেন্দ্রে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে। অন্যান্য কেন্দ্রের পরিস্থিতিও ভালো ছিল। বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের পোলিং এজেন্টদের কয়েকটি কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে তাঁর প্রধান নির্বাচনী সমন্বয়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী যে অভিযোগ করেছেন, তা নাকচ করে দিয়েছেন শামসুল হুদা। তিনি বলেন, ‘কোনো পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়নি। আমরা ভিডিও ক্যামেরাসহ পর্যবেক্ষক পাঠিয়েছি। ভিডিও ফুটেজ দেখে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।’সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আটকের ব্যাপারে সিইসি বলেন, ‘যে মামলায় তাঁকে আটক দেখানো হয়েছিল, সেটা ঠিক হয়নি। তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। তাই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তার পরও তাঁকে কেন আটক করা হয়েছিল, তা আমরা খতিয়ে দেখব।’