সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীরই মাসিক আয় চার হাজার থেকে প্রায় ১০ হাজার টাকা। তাঁদের নির্বাচনী ব্যয়ের বেশির ভাগই দেবেন অন্যরা। দান ও ধার হিসেবে তাঁরা এ টাকা পাবেন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তাঁরা এই তথ্য দিয়েছেন।
হলফনামায় দেওয়া তথ্য থেকে জানা গেছে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের কৃষি খাত ও ব্যবসা থেকে মাসিক আয় মাত্র চার হাজার ১৬৬ টাকা। উচ্চমাধ্যমিক পাস এ প্রার্থীর ব্যাংকে জমা আছে মাত্র এক হাজার ও হাতে নগদ আছে ১২ হাজার টাকা। ৫০ হাজার টাকার ইলেকট্রনিকসামগ্রী ও ৫০ হাজার টাকার আসবাব রয়েছে তাঁর। রয়েছে ৩৩ শতক কৃষিজমি ও একটি টিনের বাড়ি। স্ত্রীর মাসিক আয় পাঁচ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা রয়েছে। জাহিদুলের বিরুদ্ধে তিনটি মামলা আদালতে বিচারাধীন। সাড়ে তিন লাখ টাকার নির্বাচনী ব্যয়ের মধ্যে নিজে খরচ করবেন ৫০ হাজার টাকা। স্ত্রীর বড় ভাই এক লাখ ও নিজের বড় ভাই দেবেন এক লাখ টাকা। বাকি এক লাখ টাকাও দুজনের কাছ থেকে ধার করবেন তিনি।
এদিকে জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলামের কৃষি খাত ও চাকরি থেকে মাসিক আয় ১০ হাজার ৪১৬ টাকা। তবে তাঁর নির্ভরশীলদের বার্ষিক আয় দেখানো হয়েছে এক লাখ ৩৫ হাজার টাকা। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক পাস এ প্রার্থী একটি স্কুলের উপাধ্যক্ষ বলে উল্লেখ করেছেন। চার লাখ ৬৫ হাজার টাকার নির্বাচনী ব্যয়ের মধ্যে মাত্র ৮৫ হাজার টাকা নিজের। অবশিষ্ট টাকার মধ্যে স্ত্রীর ভাই দেবেন ৫০ হাজার, দান হিসেবে ভাতিজি জামাই দুই লাখ ৩০ হাজার ও পৌরসভার গুণগাঁতী এলাকার মাদ্রাসাশিক্ষক আমিনুল ইসলাম এক লাখ টাকা দেবেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ-উল-আলম খন্দকার ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন। কৃষি খাত, ব্যবসা ও দোকানভাড়া থেকে তাঁর মাসিক আয় সাত হাজার ১৬৬ টাকা। ব্যাংকে এক হাজার টাকাসহ নগদ অর্থ আছে ২০ হাজার টাকা। ৫৫ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, ২৫ হাজার টাকার ইলেকট্রনিকসামগ্রী ও ৩০ হাজার টাকার আসবাব রয়েছে। স্ত্রীর নগদ পাঁচ হাজার টাকাসহ রয়েছে দুই ভরি স্বর্ণালংকার। যৌথ মালিকানায় এক একর কৃষিজমি, তিনটি দোকানঘর ও আধা পাকা একটি বাড়ি রয়েছে। নির্বাচনী ব্যয়ের পাঁচ লাখ ২০ হাজার টাকার মধ্যে মাত্র ২০ হাজার টাকা তাঁর নিজের। বাকি টাকা ধার ও দান পাবেন বলে হলফনামায় উল্লেখ রয়েছে।