প্রার্থীদের স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে দিচ্ছে না: বিএনপি
বিএনপি অভিযোগ করেছে, সরকার সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের স্বাভাবিক কর্মকাণ্ড চালাতে দিচ্ছে না। রাজনৈতিক মামলা দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে।
গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন দলের পক্ষ থেকে এ অভিযোগ করেন। তিনি নিজেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী হিসেবে আছেন। যদিও বিএনপি সেখানে মির্জা আব্বাসকে সমর্থন দিয়েছে।
আসাদুজ্জামান দাবি করেন, বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে থাকা সব মামলা জামিনযোগ্য। কিন্তু তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। বিএনপি-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীদেরও হয়রানি করা হচ্ছে। এ ধরনের পরিবেশ বজায় থাকলে সাধারণ ভোটাররা, বিশেষ করে নারী ভোটাররা কেন্দ্রে যেতে ভয় পাবেন। এমন পরিবেশ বজায় থাকলে ৫ জানুয়ারির মতো আরেকটি ‘কলঙ্কিত’ নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, বিএনপি সব সময় প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণমূলক নির্বাচন পছন্দ করে। কিন্তু সরকার সবার অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে ভয় পায়।
টানা তিন মাস তালাবদ্ধ থাকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সম্প্রতি খুলে দেওয়া হয়। এরপর গতকাল প্রথম দলের সংবাদ সম্মেলনের আয়োজন করা হলো। এ সময় অন্যান্যের মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনও উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ: সংবাদ সম্মেলন শেষে বিএনপির আইনজীবীদের একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
এ বিষয়ে সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন। তিনি জানান, সিটি নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের হয়রানি ও গ্রেপ্তার বন্ধ এবং পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে তাঁরা ডিএমপি কমিশনারকে অনুরোধ করেছেন।
মাহবুবউদ্দিন বলেন, পুলিশ কমিশনার তাঁদের বলেছেন যে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বা খালেদা জিয়ার কার্যালয় এলাকা থেকে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না। বিএনপি বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ নিরাপত্তা দেবে। বিএনপি-সমর্থিত প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ‘ওয়ান্টেড’ ছাড়া কাউকে পুলিশ হয়রানি করবে না। জামিন পাওয়ার পর জেলগেট থেকে পুলিশ কাউকে আটক করবে না। মাহবুবউদ্দিন বলেন, ডিএমপি কমিশনারের বক্তব্যে তাঁরা আপাতত স্বস্তি পাচ্ছেন।
ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাতে মাহবুবউদ্দিনের সঙ্গে আরও ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, মহসিন মিয়া প্রমুখ।
কারা ফটক থেকে আটক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ জামিনে মুক্তি পাওয়ার পর কাশিমপুর কারাগারের ফটক থেকে গতকাল শনিবার তাঁকে আবার আটক করেছে পুলিশ। বেলালকে পল্টন থানা হেফাজতে রাখা হয়েছে। গতকাল এক বিবৃতিতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম এ তথ্য জানিয়ে বেলাল আহমেদসহ দলের নেতা-কর্মীদের কারা ফটক থেকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান।