গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন হচ্ছে কাল বৃহস্পতিবার। নির্বাচনের আর মাত্র এক দিন বাকি থাকলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের হলফনামা প্রচার করেননি রিটার্নিং কর্মকর্তা।
কালীগঞ্জ পৌর এলাকার বাসিন্দারা জানান, পৌরসভা গঠন হওয়ার পর এবারই প্রথম নির্বাচন হতে যাচ্ছে। মেয়র পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তিনজন প্রত্যাহার করে নেন। বাকি দুজনের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন আনারস প্রতীক ও বিএনপি-সমর্থিত প্রার্থী লুৎফর রহমান চশমা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত নারী আসনের তিনটি ওয়ার্ডে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, বিধি মোতাবেক মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের হলফনামায় প্রার্থী ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ, আয়-ব্যয়ের হিসাব, আয়ের উৎস, কার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য দেওয়া থাকে, যা নির্বাচনের কয়েক দিন আগে থেকে পোস্টার, লিফলেট ও মাইকিং করে নির্বাচনী এলাকায় প্রচার করতে হবে।
তবে নির্বাচন কার্যালয় এখন পর্যন্ত কোনো প্রার্থীর হলফনামা প্রচার করেনি বলে জানিয়েছেন কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন। তিনি বলেন, ‘হলফনামা প্রচার না করায় প্রার্থীদের সম্পর্কে কোনো তথ্যই জানতে পারছি না। নির্বাচন করার আগে কে কত সম্পদের মালিক, তা জানা জরুরি।’ একই কথা বললেন পৌরসভার বালিগাঁও এলাকার মো. সাহাবুদ্দিন।
রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল আহসান তালুকদার জানান, প্রার্থীদের হলফনামা প্রচার কারার বিধান থাকলেও সময়ের অভাবে এখন পর্যন্ত তা করা হয়নি।
সাধারণ ছুটি: কালীগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে পৌরসভা এলাকাধীন সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীরা তাঁদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ভোটের দিন (২০ জুন) পৌরসভা এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গত সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।