প্রার্থীদের ১০ শতাংশের বিরুদ্ধে মামলা রয়েছে: সুজন
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫৪০ জন প্রার্থীর মধ্যে ৫৯ জন বা ১০ শতাংশের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে সুজন এ তথ্য তুলে ধরে। সংবাদ সম্মেলনে ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীগণের তথ্য প্রকাশ’ বিষয়টি উপস্থাপন করা হয়।
সুজনের ভাষ্য, এসব প্রার্থীর বিরুদ্ধে অতীতে মামলা ছিল ৩৫ শতাংশ বা ১৯৪ জনের বিরুদ্ধে। বর্তমান মামলার চেয়ে প্রার্থীদের অতীতের মামলাই বেশি। এটা প্রমাণ করে, অধিকাংশ প্রার্থী ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে পরিসংখ্যানটি এমন হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্যের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা, পেশা, ফৌজদারি মামলার বিবরণ, বার্ষিক আয়, স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ, ঋণ ও দায়-দেনা ও আয়কর ইত্যাদি তুলে ধরা হয়।
এবারের নির্বাচনে ৩০০ আসনে সর্বমোট ৫৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ জন বাদ দিলে অবশিষ্ট ১৪৭টি আসনে মোট ৩৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুজনের এ সংবাদ সম্মেলনে ৫৪৩ জনের মধ্যে ৫৪০ জনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়, যে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা ফিরে পেয়েছেন, তাঁদের হলফনামা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায়নি।
হলফনামা অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা: ৫৪০ জন প্রার্থীর মধ্যে ৭১ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর পাস করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য যাঁরা অপেক্ষমাণ আছেন, তাঁদের মধ্যে এই হার ৮২ শতাংশ। প্রার্থীদের মধ্যে এসএসসি বা এর কম শিক্ষাগত যোগ্যতা রয়েছে এ হার ১৭ শতাংশ। যাঁরা এসএসসি পাস করেননি, তাঁদের হার ৯ শতাংশ।
পেশা: ৫৪০ জনের ৫২ শতাংশ ব্যবসায়ী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যেও ৫২ শতাংশ ব্যবসায়ী। সুজনের বিশ্লেষণে দেখা গেছে, কিছু প্রার্থী একাধিক পেশা থেকে আয় করলেও হলফনামার আয়ের নির্দিষ্ট ঘরে একটি পেশার কথা উল্লেখ করেছেন। সুজন বলছে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরও)-১২ ধারা অনুযায়ী সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে যাঁরা লিপ্ত থাকেন, তাঁরা নির্বাচন করতে পারেন না। তাঁরা সাংসদ হওয়ার জন্যও অযোগ্য। কিন্তু এ ধরনের অনেক প্রার্থীই নির্বাচনে অংশ নিচ্ছেন। বিষয়টি যাচাই করে নির্বাচন কমিশনের যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছে সুজন।
বার্ষিক আয়: সুজনের বিশ্লেষণে দেখা যাচ্ছে, ৩২ শতাংশ প্রার্থীর বার্ষিক আয় পাঁচ লাখ থেকে ২৫ লাখ টাকা। বেশির ভাগ প্রার্থীর সম্পদই কোটি টাকার ওপরে। আবার এ ক্ষেত্রে অপেক্ষমাণ প্রার্থীদের তুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের সম্পদের পরিমাণ বেশি। অনেক প্রার্থী তাঁদের সম্পদের মূল্য উল্লেখ না করায় তাঁদের প্রকৃত সম্পদের পরিমাণ নিরূপণ করা যাচ্ছে না। এ ছাড়া ৫০ শতাংশ প্রার্থী আয়কর দেন বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিচারপতি কাজী এবাদুল হক। প্রার্থীদের হলফনামার তথ্য তুলে ধরেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। এ ছাড়া সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইন বিশেষজ্ঞ শাহদীন মালিক।