প্রার্থীদের 'কৌশলে' বিরক্ত ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকনে শীতের মধ্যে পঞ্চগড় পৌর নির্বাচনে প্রার্থী ও কর্মীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শহরের মোড়ে মোড়ে চলছে পথসভা, মাইকিং। কিন্তু এসব প্রচারণায় নেই উন্নয়নের কোনো আশা বা ভরসার কথা। প্রার্থীদের প্রচারণায় মূল পুঁজিই হচ্ছে প্রতিদ্বন্দ্বীর বিরোধিতা। এসব শোনার আগ্রহ নেই ভোটারদের। তাই পথসভায় যেমন খুব বেশি লোকজন চোখে পড়ছে না, তেমনি কোনো প্রার্থীকে পেয়ে ঘিরে ধরছে না উৎসাহী ভোটারের দল।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পঞ্চগড় শহরের জালাশি এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর একটি পথসভা হতে দেখা যায়। সেখানে দলীয় নেতা-কর্মীরা বক্তব্য দিতে গিয়ে বলেন, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম পঞ্চগড় পৌরসভাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। কোনো উন্নয়ন করেননি। গরিব মানুষের বিয়ে বা খৎনার দাওয়াতে যে এক বা দুই হাজার করে টাকা দিয়েছেন, তা তিনি উন্নয়ন বাজেট থেকে চুরি করে দিয়েছেন। মেয়র পদপ্রার্থী জাকিয়া খাতুন বলেন, ‘বর্তমান মেয়র তিরিশ বছর ধরে দুর্নীতি করছেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে আমাকে প্রার্থী করেছেন। আপনারা আর তাঁকে সময় দেবেন না।’
এর আগে বিকেলে মিঠাপুকুর এলাকায় জাসদের প্রার্থী আব্দুল মজিদের এবং ইসলামবাগ এলাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের পথসভা হয়। আব্দুল মজিদের পথসভায় গিয়ে শোনা যায়, বর্তমান মেয়র কোনো উন্নয়ন করেননি। তিনি ঘুষ খেতেন। তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেননি। তাই তাঁকে ভোট দেওয়া যাবে না। স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক তাঁর বক্তৃতায় বলেন, ‘বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম মেয়ের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছেন। এসব টাকা এল কোত্থেকে?’
এদিকে ১৭ ডিসেম্বর বিএনপি-সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলামের পথসভায় শোনা যায় অন্য প্রার্থীদের বিরোধিতা। তিনি নিজের বক্তৃতায় সেদিন বলেন, ‘অন্য প্রার্থীরা বলেন, আমি নাকি আমার মেয়ের বিয়েতে লাখ লাখ টাকা খরচ করেছি। দাওয়াতের হিসাব থাকে বাবুর্চির কাছে। তিনি বোধ হয় ওই দাওয়াতের বাবুর্চি ছিলেন। না হলে জানলেন কী করে?’ আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুন সম্পর্কে তিনি বলেন, ‘তিনি পঞ্চগড়ের মেয়ে নন। বাইরের একজন মহিলাকে আপনারা ভোট দেবেন কেন?’ ওই বক্তৃতায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের ছেলে মোটরসাইকেল চোর বলে উল্লেখ করেন তৌহিদুল ইসলাম।
প্রার্থীদের এ ধরনের বক্তৃতায় বিরক্ত ভোটাররা। ইসলামবাগ এলাকার ভোটার আব্দুল জলিল বলেন, ‘পথসভাগুলোতে পরস্পরবিরোধী বক্তব্য ছাড়া কিছু নাই। তাই কোনো সভাতেই যাচ্ছি না। এসব সভায় আশা-ভরসার কোনো বাণী নেই। নেতারা এমনভাবে বক্তব্য দেন, যেন তাঁরাই একমাত্র মহান। তাই জনগণও যাচ্ছে না। যারা যাচ্ছে, তারা পয়সার বিনিময়ে যাচ্ছে।’
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘কোনো নেতার মুখেই ভালো কোনো কথা নেই। বিরোধী প্রার্থীর ব্যক্তিগত বা পারিবারিক কিচ্ছা শুনতে হয়।’ প্রার্থীদের ভোটার টানার এ ধরনের কৌশল পরিবর্তন করা দরকার বলে মত প্রকাশ করেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদিউজ্জামান বলেন, ‘নির্বাচনী প্রচারণায় নতুনত্ব নেই। নেতাদের থেকে কর্মীদের ভাব বেশি। এসব প্রচারণায় নতুনত্ব আনা জরুরি। যে নতুন প্রজন্ম ইন্টারনেট নিয়ে ব্যস্ত, তারা এসব পুরোনো প্যাঁচাল শুনতে কেন আসবে? নেতারা নতুন কিছু দিতে পারছেন না।’