প্রার্থীর চেয়ে পোস্টার নিয়েই বেশি আলাপ
কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় প্রার্থীর চেয়ে তাঁর পোস্টার নিয়েই বেশি মাতামাতি চলছে। এখানে নির্বাচনী প্রচার সেভাবে জমে ওঠেনি। প্রার্থীদের অফসেট পেপারে ছাপানো ও লেমেনেটিং করা পোস্টারে ছেয়ে গেছে শহর। তাঁদের নিয়ে ভোটারদের মাথাব্যথা না থাকলেও পোস্টার নিয়ে ঠিকই আলোচনা চলছে।
গতকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম থেকে উলিপুর পৌরসভায় যাওয়ার পথে শিববাড়ী এলাকায় প্লাস্টিকের দড়িতে ঝোলানো অফসেট পেপারের পোস্টার চোখে পড়ে। লোকজন জটলা করে সেগুলো দেখছিল। এঁদের মধ্যে রাজু মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘ওমার ট্যাকা আছে তাই ভালো পোস্টার করছে।’ ওই সড়কের প্রায় এক কিলোমিটার এলাকার মধ্যে বিএনপির প্রার্থী তারিক আবু আলা চৌধুরী ওরফে তারিক চৌধুরীর একাধিক ডিজাইনের পোস্টার চোখে পড়ে। পাশাপাশি নৌকা, লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থীর খেজুরগাছ মার্কারও পোস্টার দেখা যায়।
পূর্ব বাজার তিন মোড়ে গিয়ে দেখা যায় ধানের শীষ ও খেজুরগাছ মার্কার পোস্টার। সেখানকার মুদি দোকানদার জসিমের কাছে নির্বাচনী আমেজ কেমন জানতে চাইলে বলেন, ‘মানুষ আগের মতো আর বেকার নাই। সবাই কাজেকামে ব্যস্ত। তারা ভোটের খাওয়া আর পয়সার জন্য ঘোরে না।’
পানের দোকানদার মুনির হোসেন বলেন, ‘পোস্টার দেখি কেন্ডিডেটের অবস্থা বোঝা যায়। তবে নির্বাচন জমতে সময় নাগছে। মানুষ বুঝবার নাগছে।’
নারকেলবাড়ীর আবদুল হামিদ বলেন, এবার ভালো কাগজে আর লেমিনেটিং করে পোস্টার করেছে প্রার্থীরা। ভালো হয়েছে। এগুলো ছিঁড়বে না। নষ্টও হবে না। এক পোস্টারেই নির্বাচন পার।
পোস্টার প্রসঙ্গে তারিক চৌধুরী বলেন, ‘আসলে কুয়াশা, বৃষ্টিতে ভিজে যেন সহজে নষ্ট না হয়, তাই এভাবে পোস্টার করেছি।’ এ ছাড়া সরকারি দলের প্রার্থী তাঁর নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
আওয়ামী লীগ প্রার্থী আবদুল হামিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সব মিথ্যা। আমি শান্তিপ্রিয় মানুষ।’
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, প্রার্থীরা মুখে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। লিখিত দেন না। আর পোস্টারে কোনো সমস্যা নেই। রঙিন না হলেই হলো।