রংপুরের বদরগঞ্জ পৌর নির্বাচনে ভোট নিয়ে ভোটারদের মধ্যে তেমন আগ্রহ না থাকলেও ছয় মেয়র ও ৩৮ জন কাউন্সিলর প্রার্থীর চোখে ঘুম নেই। তাঁরা শীতের কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় চষে বেড়াচ্ছেন মাঠঘাট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার পৌরসভায় মেয়র পদে ছয়জন, মহিলা কাউন্সিলর ১৫ জন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩১ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে গত শনিবার সাধারণ কাউন্সিলর পদে আটজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে ছয়জন মেয়র প্রার্থী ও ১৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ছয় মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের উত্তম কুমার সাহা, বিএনপির পরিতোষ চক্রবর্তী, জাতীয় পার্টির লাতিফুল খাবীর, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শামিম আরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল বাকী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা জাতীয় ছাত্রলীগের নেতা আজিজুল হক।
রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বলেন, হলফনামায় মামলার তথ্য গোপন করায় ওই আট কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ছয় মেয়র প্রার্থী ও ১৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্রে কোনো ত্রুটি না পাওয়ায় তা বৈধ ঘোষণা করা হয়েছে।
পৌরসভার দুই মেয়র প্রার্থীসহ পাঁচজন কাউন্সিলর প্রার্থী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের পৌরসভা নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোনো আমেজ কাজ করছে না। তবে প্রার্থীরা একমুহূর্ত সময় নষ্ট না করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
পৌরসভার বালুয়াভাটা গ্রামের ভোটার আতিকুল ইসলাম (৩৮) বলেন, ‘এবারকার ভোটোত মানুষের কোনো আনন্দ নেই।’ কারণ জানতে চাইলে বলেন, ‘এই এলাকায় বিনা ভোটোত আওয়ামী লীগ থাকি এবার এমপি হইছে। মানুষ মনে করোচে এই ভোটোত ভোট না দেলেও আওয়ামী লীগ থাকি মেয়র-কাউন্সিলর হইবে। তা ছাড়া ভোটোত গন্ডগোল হওয়ার ভয়ও করোচে। সেই জন্যে প্রার্থীরা কইলেও ভোট নিয়া মানুষ মাথা ঘামাওচে না।’
স্বতন্ত্র মেয়র প্রার্থী আজিজুল হক বলেন, ‘ভোট তো আগে আরও করেছি। কিন্তু এবারের ভোটে মানুষের মধ্যে তেমন আমেজ নেই।’ কারণ হিসেবে তিনি বলেন, গত সংসদ নির্বাচনে বিনা ভোটে এলাকায় এমপি নির্বাচিত হওয়া, গ্রেপ্তার-আতঙ্ক ইত্যাদি পরিস্থিতি বিবেচনা করে সাধারণ ভোটাররা ধারণা করছেন, ভোট দিলেও আওয়ামী লীগ, না দিলেও আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হবেন।
বিএনপির প্রার্থী পরিতোষ চক্রবর্তী বলেন, ‘আগে বিভিন্ন নির্বাচনে দেখেছি তফসিল ঘোষণা না হতেই মানুষের মধ্যে ভোটের আনন্দ বয়ে যেত। এবার দেখছি উল্টো। ভোটের কোনো আমেজই নেই। বর্তমান সরকারের দমন, নিপীড়ন, ঘুষ, দুর্নীতি, বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হয়রানির নামে গ্রেপ্তার ও মামলা-হামলায় দেশের মানুষ ভয়ে চুপসে গেছে। ভোট দেওয়া না দেওয়াকে একই হিসাবে দেখছেন সাধারণ ভোটাররা।’
তবে আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার সাহা বলেন, ভোট তো সবে শুরু হয়েছে। আস্তে আস্তে মানুষের মধ্যে ভোটের আমেজ আসবে। দুই মেয়র প্রার্থীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন। এই সরকারের আমলে সাধারণ মানুষ অনেক সুখে আছে। ভোট দেবেন ভোটাররা। সেখানে প্রভাব বিস্তারের প্রশ্নই আসে না।