গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীদের সংশ্লিষ্ট দলে টানা তিন বছরের সদস্যপদ আছে কি না, তা পরীক্ষা করে দেখবে নির্বাচন কমিশন।নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল রোববার সাংবাদিকদের এই কথা বলেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী হতে হলে তিন বছর আগে থেকে সংশ্লিষ্ট দলে প্রার্থীর সদস্যপদ থাকতে হবে। তবে দলের নিবন্ধনের তারিখ থেকে পরবর্তী তিন বছরের মধ্যে প্রার্থীর ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না। রাজনৈতিক দলের নিবন্ধনকাজ শেষ হয়েছিল ২০০৮ সালের নভেম্বরে। তিন বছরের সময়সীমা শেষ হয়েছে ২০১১ সালের নভেম্বরে। যে কারণে গাজীপুর-৪ আসনে রাজনৈতিক দলের প্রার্থীদের ক্ষেত্রে এই বিধানটি কার্যকর হবে।নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী দলের তৃণমূল কমিটির সুপারিশ করা প্রার্থীর প্যানেল থেকে প্রার্থী মনোনয়নের বিষয়টি কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডকে বিবেচনায় নিতে হবে। দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর কমিশন এ বিষয়টিও খতিয়ে দেখবে। তিনি বলেন, কমিশনের কাছে অভিযোগ আছে নির্বাচনের তফসিল ঘোষণার পরও সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ পোস্টার ও ব্যানারের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, এসব প্রচার উপকরণ ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। যাঁরা অপসারণ করবেন না, তাঁদের কেউ প্রার্থী হলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আওয়ামী লীগের সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ গত ৭ জুলাই তাঁর সদস্যপদ ত্যাগ করায় গাজীপুর-৪ আসনটি শূন্য হয়। এরই মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের প্রার্থী হিসেবে সোহেল তাজের মেজো বোন সিমিন হোসেনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।