প্রার্থীর নেতৃত্বে ভোটকেন্দ্র দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে ভোটকেন্দ্র দখল করে ব্যালেট পেপারে সিল মারার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটায় জালালপুর উচ্চবিদ্যালয়কেন্দ্র দখল করে ওই প্রার্থীর সমর্থনে ব্যালট পেপারে সিল মারেন ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকেরা। এ ঘটনার পরপরই রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আবু জাহিদের পক্ষে অর্ধশতাধিক কর্মী-সমর্থক কেন্দ্রে হামলা চালিয়ে ভোটারদের বের করে দেন। পুলিশের সামনে প্রকাশ্যে কেন্দ্র দখল করে তাঁরা ব্যালট পেপার ছিনতাই করে সিল মারেন। এ সময় বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁদের প্রতিহত করার চেষ্টা চালান। তখন সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং ক্ষমতাসীন দলের চার সমর্থককে আটক করে। সংঘর্ষ চলাকালে ধাক্কাধাক্কিতে পুলিশের একটি বন্দুক ভেঙে যায়। কেন্দ্র দখল ও সংঘর্ষের ছবি তুলতে গেলে কয়েকজন আলোকচিত্র সাংবাদিক লাঞ্ছিত হন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে একাধিকবার মোহাম্মদ আবু জাহিদের মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘গোলযোগের ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পারিনি।’

এ ঘটনাসহ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া দক্ষিণ সুরমা উপজেলার বেশির ভাগ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত-সমর্থিত প্রার্থীরা দিনভর একে অন্যের বিরুদ্ধে কেন্দ্রে প্রভাব বিস্তার এবং অনিয়মের অভিযোগ করেছেন।

নির্বাচন নিয়ে প্রার্থীরা দিনভর পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু জাহিদ সকাল আটটায় জালালপুর হাইস্কুলে ভোট দিতে যান। তখন তিনি সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে জামায়াত-সমর্থিত প্রার্থীর লোকেরা বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ সকাল ১০টায় কামালবাজার কুড়িগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তিনি আওয়ামী লীগ ও জামায়াত-সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে কয়েকটি কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ আনেন।

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী এ টি এম ফয়েজ সকাল সাড়ে নয়টায় বরইকান্দি আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়ে একই ধরনের অভিযোগ করেন।

জামায়াত-সমর্থিত প্রার্থী লোকমান আহমদ দুপুর ১২টায় লাউয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ সময় লোকমানের সমর্থকেরা অভিযোগ করেন, তাঁদের প্রধান নির্বাচনী এজেন্টকে সকাল সাড়ে ১০টার পর থেকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অস্বীকার করেছে।

নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সূত্র জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়ে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলায় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন।