প্রার্থীর বিরুদ্ধে গ্রাম পুলিশদের টাকা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে গ্রাম পুলিশদের (চৌকিদার) সঙ্গে বৈঠক করে নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী রুস্তম আলী ফরাজীর পক্ষ থেকে গতকাল বুধবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এই অভিযোগ করা হয়েছে।
রুস্তম আলী ফরাজীর প্রধান নির্বাচনী প্রতিনিধি মেজর (অব.) গিয়াস উদ্দিন আহমেদ অভিযোগ করেন, সাংসদ আনোয়ার হোসেন গতকাল সকালে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে গ্রাম পুলিশের প্রায় এক শ সদস্যকে নিয়ে সভা করেন। এরপর সাংসদ গ্রাম পুলিশদের নগদ টাকা দিয়ে তাঁর পক্ষে ভোট চান। বিষয়টি রিটার্নিং কর্মকর্তা পিরোজপুরের জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারকে তাৎক্ষণিক মুঠোফোনে জানানো হয়েছে।
গ্রাম পুলিশদের টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তিনি এলাকার সাংসদ। গ্রাম পুলিশরা তাঁর সঙ্গে দেখা করতে আসতেই পারেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আহসান হাবিব লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।